Bombing

হাড়োয়ায় বোমাবাজি, জখম ৫ বিজেপি কর্মী সমর্থক

জেলা

বোমাবাজির ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠলো বসিরহাটের হাড়োয়া থানার শালিপুর গ্রাম পঞ্চায়েতের তালবেড়িয়া এলাকা। বোমার আঘাতে আহত হলেন পাঁচ বিজেপি কর্মী-সমর্থক। তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাড়োয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। আহত বিজেপি কর্মী-সমর্থকদের অভিযোগ, বুধবার রাতে তারা তালবেড়িয়া এলাকায় একটি জায়গায় বসেছিলেন। সেই সময় আচমকাই এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর অন্ধকারের সুযোগ নিয়ে আইএসএফের দুষ্কৃতীরা তাদের লক্ষ্য করে পরপর পাঁচটি বোমা ছোড়ে বলে অভিযোগ। বোমার আঘাতে পাঁচজন আহত হন। ঘটনার পর আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে হাড়োয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে পুলিশ। পুলিশ ঘটনাস্থল থেকে বেশ কয়েকটি তাজা বোমা এবং বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে বলে জানা গিয়েছে। বিজেপির পক্ষ থেকে এই হামলার জন্য আইএসএফ আশ্রিত দুষ্কৃতীদের দায়ী করা হয়েছে। যদিও বিজেপির তোলা অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে আইএসএফ নেতৃত্ব। ঘটনার প্রকৃত কারণ এবং হামলার সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ।

Comments :0

Login to leave a comment