নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে নয়ানজুলিতে উল্টে গেল যাত্রীবাহী বাস। দুর্ঘটনায় আহত হয়েছেন একাধিক যাত্রী। বুধবার ঘটনাটি ঘটেছে হুগলির আরামবাগের মলয়পুর বালিয়া এলাকায়। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় আরামবাগ থানার পুলিশ। স্থানীয় বাসিন্দা ও পুলিশের তৎপরতায় আহতদের উদ্ধার করে আরামবাগ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পূর্ব বর্ধমানের গোতান থেকে একটি যাত্রীবাহী বাস আরামবাগের দিকে আসছিল। পথে একটি ইঞ্জিন ভ্যানকে পাশ দিতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এরপর যাত্রীবোঝাই বাসটি রাস্তার পাশের নয়ানজুলিতে উল্টে যায়। বিকট শব্দ শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। দুর্ঘটনায় বেশ কয়েকজন যাত্রী গুরুতর আহত হন বলে স্থানীয় সূত্রে খবর। আহতদের কারও হাত, কারও পায়ে চোট লেগেছে। তাঁদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
স্থানীয় বাসিন্দা নিখিল সাঁতরা জানান, বাসটির বিয়ারিং নষ্ট হয়ে গিয়েছিল, নাকি ব্রেক ফেল করেছিল, তা এখনও স্পষ্ট নয়। বাসের নিচে কেউ চাপা পড়ে থাকতে পারেন বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। তাঁর অনুমান, বাসটিতে ১২ থেকে ১৩ জন যাত্রী ছিলেন। তাঁদের মধ্যে আটজন আহত হয়েছেন। বেশ কয়েকজনকে আরামবাগ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনাগ্রস্ত বাসটি তখনও তোলা হয়নি বলে জানান তিনি।
ঠিক কী কারণে দুর্ঘটনাটি ঘটল, তা এখনও স্পষ্ট নয়। যান্ত্রিক ত্রুটি, নাকি অন্য কোনও কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
Arambagh Bus Accident
আরামবাগে নয়ানজুলিতে যাত্রীবাহী বাস, আহত একাধিক
আরামবাগে উল্টে গেল যাত্রী বোঝাই বাস, আহত একাধিক। ছবি: অভীক ঘোষ
×
Comments :0