Buxa

কাল থেকে চার দিন পর্যটকদের প্রবেশ নিষেধ বক্সার জঙ্গলে

জেলা

গান্ধী জয়ন্তীতে বক্সার জঙ্গলে বাঘিনী ছাড়ার প্রস্তুতিকে ঘিরে আগামীকাল বুধবার থেকে চার দিনের জন্য পর্যটকদের প্রবেশ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বনদপ্তর। বক্সা ব্যাঘ্র প্রকল্প কর্তৃপক্ষের নির্দেশিকা অনুযায়ী, ৩ অক্টোবর পর্যন্ত জিপসি সাফারি-সহ জঙ্গলকেন্দ্রিক সমস্ত পর্যটনের কাজ বন্ধ থাকবে। ২ অক্টোবর বক্সায় আনুষ্ঠানিকভাবে বাঘিনী ছাড়ার কথা রয়েছে। পুজোর মরশুমের ঠিক মুখে এই সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই হতাশ পর্যটক মহল। বক্সা, জয়ন্তী, রাজাভাতখাওয়া-সহ ডুয়ার্সের এই জনপ্রিয় পর্যটনকেন্দ্রগুলিতে পুজোর ছুটিতে পর্যটকদের ভিড় বাড়ার সম্ভাবনা ছিল। তার আগেই আচমকা চার দিনের জঙ্গল বন্ধের ঘোষণায় বহু পর্যটকের পূর্বনির্ধারিত সফরসূচি ওলটপালট হয়ে গিয়েছে। যাঁরা দূর-দূরান্ত থেকে এসে জঙ্গল সাফারির পরিকল্পনা করেছিলেন, তাঁদের অনেককেই বিকল্প পর্যটনকেন্দ্র বেছে নিতে হচ্ছে। ফলে বাড়ছে অতিরিক্ত যাতায়াতের খরচ। হোটেল, গাড়ি ও সাফারির আগাম বুকিং নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা।
শুধু পর্যটকরাই নন, এই সিদ্ধান্তের সরাসরি প্রভাব পড়ছে স্থানীয় পর্যটন ব্যবসায়। হোটেল মালিক, গাড়িচালক, গাইড থেকে শুরু করে ছোট ব্যবসায়ীদেরও কয়েক দিনের আয় অনিশ্চিত হয়ে পড়েছে।
বনদপ্তরের বক্তব্য, ‘টাইগার রিলোকেশন’র গুরুত্বপূর্ণ কাজ নির্বিঘ্নে সম্পন্ন করতেই এই সাময়িক নিষেধাজ্ঞা। ২ অক্টোবর বক্সায় বাঘিনী ছাড়ার পাশাপাশি আলিপুরদুয়ার শহরের প্যারেড গ্রাউন্ডে হবে রাজ্যস্তরের অনুষ্ঠান। অনুষ্ঠানে থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে বাঘ ফেরানোর ঐতিহাসিক উদ্যোগের মধ্যেও পুজোর মুখে পর্যটকদের এই সাময়িক দুর্ভোগ নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

Comments :0

Login to leave a comment