বাখরাহাট পুলিশ ফাঁড়িতে মৃত পালান রায়’র শোকার্ত সন্ত্রস্ত পরিবারের সঙ্গে দেখা করলেন সিপিআই(এম) নেতৃত্ব। ন্যায় বিচারের দাবিতে পরিবারের লড়াইয়ের পাশে থাকার আশ্বাস দেন তাঁরা। বৃহস্পতিবার সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির সদস্য শমীক লাহিড়ী পাথরবেড়িয়া জয়চন্ডীপুর অঞ্চলে মৃত ওই যুবকের বাড়িতে গিয়ে তাঁর পরিবারের সঙ্গে দেখা করেন। ছিলেন সিপিআই(এম) দক্ষিণ ২৪ পরগনা সম্পাদকমণ্ডলী সদস্য দেবাশিস দে, সিপিআই(এম) নেতা সুফল পাল, সিপিআই(এম) বাখরাহাট এরিয়া কমিটির সম্পাদক গৌতম পাল সহ স্থানীয় নেতৃত্বরা।
বিষ্ণুপুর থানার বাখরাহাট পুলিশ ফাঁড়িতে ওই যুবকের মৃত্যুর ঘটনায় তাঁকে পিটিয়ে মারার অভিযোগ তোলেন মৃতর পরিবার ও স্থানীয় বাসিন্দারা। এই মৃত্যুর ঘটনায় অভিযুক্ত স্থানীয় বিজেপি নেতা বিজয় সিংহ, বাপি ব্যানার্জি, বাখরাহাট পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ অমিত বিশ্বাস সহ অপরাধে যুক্ত পুলিশ কর্মীদের গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবিতে ইতিমধ্যে সরব হয়েছেন স্থানীয় গ্রামবাসীরা। মৃত যুবকের অসহায় এই পরিবারের ন্যায় বিচারের দাবিতে তাঁদের লড়াইয়ে পাশে থাকবেন বলে জানিয়েছেন সিপিআই(এম) নেতৃত্ব।
পালান রায়’র পরিবারে তাঁর বৃদ্ধ বাবা, মা, স্ত্রী, সন্তান রয়েছেন। পরিবারের একমাত্র রোজগেরে ছিলেন তিনি। নার্শারিতে দিনমজুরের কাজ করে জীবিকা নির্বাহ করতেন। এই মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই এই পরিবারকে হুমকির মুখে পড়তে হয়েছে। এমনকি প্রাণহানির আশঙ্কাও করেছেন তাঁরা। এই ঘটনায় অভিযুক্তরা ঘটনার পর এলাকা ছেড়ে অন্যত্র গা ঢাকা দিলেও এলাকায় ফিরে এসেছে। এলাকায় পুলিশের টহলদারি ও নজরদারি চলছে। পুলিশের তরফেও এই পরিবারের উপর চাপ তৈরি করা হয়েছে বলে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন। আর সেই আশঙ্কাই এদিন শোনা গিয়েছে এই পরিবারের সদস্যদের কণ্ঠে। বৃহস্পতিবার পালান রায়’র বৃদ্ধ মা কল্যাণী রায় বললেন, "আমরা পরিবারের আর কাউকে হারাতে চাই না।" দীর্ঘসময় ধরে তাঁরা নিজেদের জীবনের সমস্যাসহ বিভিন্ন বিষয়ে সিপিআই(এম) নেতৃত্বর সঙ্গে কথা বলেন। শমীক লাহিড়ী জানান, এই পরিবারকে আমরা বলেছি, তাঁরা চাইলে এই মৃত্যুর ন্যায় বিচারের দাবিতে তাঁদের লড়াইয়ে পাশে সিপিআই(এম) থাকবে। প্রয়োজনে তাঁদেরকে আইনি সহায়তাও দেওয়া হবে।
Comments :0