ন্যায্য দুধের দাম, গবাদিপশুর চিকিৎসার পরিকাঠামো গড়ে তোলা, কম দামে গোখাদ্য ও ওষুধ সরবরাহ এবং সমবায়ের মাধ্যমে দুধের সঠিক বিপণন সহ একাধিক দাবিতে ধূপগুড়িতে সারা ভারত কৃষকসভার অন্তর্গত পশ্চিমবঙ্গ দুগ্ধ চাষি সমিতির প্রথম সম্মেলন হলো। শনিবার পতাকা উত্তোলন, শহীদ স্মৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন এবং শোকপ্রস্তাব গ্রহণের মধ্যদিয়ে সম্মেলনের কাজ শুরু হয়। সভা পরিচালনা করেন হাসানুর জামান। উদ্বোধন করেন সারা ভারত কৃষকসভার জলপাইগুড়ি জেলা কাউন্সিলের সভাপতি আশীষ সরকার। বক্তব্য রাখেন সিআইটিইউ নেতা সন্তোষ রায়, শিক্ষক নেতা জয়ন্ত মজুমদার এবং কৃষকনেতা প্রাণগোপাল ভাওয়াল।
নেতৃবৃন্দ বলেন দুধের দাম তেমন না বাড়লেও খাদ্য, ভুসি, খৈল, ওষুধ, ভ্যাকসিন সহ গবাদিপশু পালনের খরচ দ্রুত বেড়েছে। ফলে দুগ্ধ চাষিরা ক্রমশ সঙ্কটে পড়ছেন। গ্রামে পশু চিকিৎসা কেন্দ্রগুলি অচল হয়ে পড়ায় চিকিৎসার অভাবে গবাদিপশুর মৃত্যু ঘটছে। তাঁদের অভিযোগ, সরকারি স্বাস্থ্যব্যবস্থার দুর্বলতার বোঝাও চাষিদেরই বহন করতে হচ্ছে।
সম্মেলনে পশু কেনাবেচার হাটগুলি পূর্বের মতো সচল করা, গবাদিপশু কেনাবেচাযয়বাধা ও হয়রানি বন্ধ, সুলভ মূল্যে গোখাদ্য ও ওষুধ সরবরাহ, গ্রাম পঞ্চায়েত স্তর পর্যন্ত সরকারি পশু চিকিৎসা ও টিকাকরণ ব্যবস্থা, দুধের লিটারপিছু উৎপাদন খরচের অন্তত দেড় গুণ দাম, দুধ উৎপাদনে ব্যবহৃত সরঞ্জামে জিএসটি প্রত্যাহার, উন্নত জাতের গো-পালনের পরিকাঠামোর দাবি ওঠে। আগামী দিনে, থানা-ব্লকভিত্তিক সংগঠন গড়ে তোলা, সদস্য সংগ্রহ, প্রাণীসম্পদ বিকাশ কেন্দ্র ও প্রশাসনের কাছে ডেপুটেশন, দুধ বিক্রয়কেন্দ্রে প্রচার এবং পশু স্বাস্থ্য ও দুধ উৎপাদন নিয়ে সেমিনার করার কর্মসূচি নেওয়ার পাশাপাশি ২৬ নভেম্বর ‘শ্বেত বিপ্লবের জনক’ ড. ভার্গিস কুরিয়েনের জন্মদিন জাতীয় দুগ্ধ উৎপাদক দিবস হিসাবে পালন এবং উচ্চ উৎপাদনশীল গবাদিপশুর মালিকদের সংবর্ধনারও সিদ্ধান্ত হয়েছে।
সম্মেলনের শেষে মনোজ ঘোষকে সম্পাদক, কনক কিশোর মণ্ডলকে কোষাধ্যক্ষ করে ১৭ সদস্যের নতুন কমিটি গঠিত হয়।
Conference
কম দামে গোখাদ্য-ওষুধ সরবরাহের দাবি পশ্চিমবঙ্গ দুগ্ধ চাষি সমিতির সম্মেলন
×
Comments :0