Odisha Dalit Torture

বন্ধ ঘরে লাঠি দিয়ে মার, ওড়িশায় ফের আক্রান্ত দলিত যুবক

জাতীয়

চারজন মিলে ঘর বন্ধ করে টানা অত্যাচার চালালো এক দলিত যুবকের ওপর। ওড়িশার গঞ্জাম জেলায় এই অত্যাচারের ভিডিও সামনে এসেছে রবিবার।
বেরহামপুরে যুবকের অভিযোগ, তাঁকে বেআইনি কাজে জড়িয়ে নিতে চাইছে এই দুষ্কৃতীরা। তিনি রাজি না হওয়ায় চলে অত্যাচার। তিন দিন ধরে ঘরে বন্ধ করে রাখা হয়েছিল তাঁকে।
একটি ভিডিও-তে দেখা গিয়েছে চারজন ঘর বন্ধ করে লাঠি দিয়ে সমানে মারছে যুবককে। ভিডিও-র সত্যতা যদিও পরীক্ষা করা যায়নি। তবে যুবক জানিয়েছেন যে অভিযোগ জানাচ্ছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকেও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও অভিযোগ জানাবেন তিনি। গঞ্জাম জেলা প্রশাসন এবং রাজ্যের মানবাধিকার কমিশনে অভিযোগ জানিয়েছেন তিনি। 
গত মাসে ওড়িশার খুরদায় বত্রিশ বছরের এক যুবককে চোর অপবাদ দিয়ে মারধর করে উন্মত্ত জনতা। পরিবারের অভিযোগ, ভিড়ের হাত থেকে উদ্ধারের পর তাঁকে মারধর করে পুলিশও। 
গত বছর গঞ্জামেই দুই দলিতকে মাথার অর্ধেক ন্যাড়া করে ঘোরানো হয়। তাদের নামে চোরাচালনের অভিযোগ তোলা হয়। অভিযোগ যদিও প্রমাণিত হয়নি। 
ওড়িশায় এই প্রথম সরকারে আসীন হয়েছে বিজেপি। একাধিক জায়গায় দলিতদের ওপর অত্যাচারের খবর আসছে।

Comments :0

Login to leave a comment