Dhupguri school

সরকার বদলের ছাপ ধূপগুড়ির স্কুলে, রঙ বদলে গেরুয়া সাদা

জেলা

সরকারি স্কুলের ভবনের রং নিয়েও কি বদলাচ্ছে রাজনৈতিক সমীকরণের ছাপ। ধূপগুড়ির মাগুরমারি ১ গ্রাম পঞ্চায়েতের ঝাড় মাগুরমাড়ি এসই প্রাথমিক বিদ্যালয়ে নীল - সাদার বদলে গেরুয়া-সাদা রং করা ঘিরে এমনই প্রশ্ন উঠেছে। স্কুল সংস্কারের কাজের অংশ হিসেবে ভবনটির রং করা হলেও, গেরুয়া-সাদা বেছে নেওয়ার পিছনে কোনও সরকারি নির্দেশ রয়েছে কি না, তা নিয়ে স্পষ্টতা নেই। ফলে বিষয়টি ঘিরে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে।
রাজ্যে তৃণমূল কংগ্রেস সরকার ক্ষমতায় আসার পর বিভিন্ন সরকারি ভবনের পাশাপাশি বহু প্রাথমিক বিদ্যালয়েও নীল-সাদা রং করা হয়েছিল। দীর্ঘদিন ধরে সেই রং সরকারি স্কুলগুলির পরিচিতির সঙ্গে যুক্ত ছিল। এর মধ্যে ঝাড় মাগুরমাড়ি প্রাথমিক বিদ্যালয়ে মেরামতির পর গেরুয়া-সাদা রং দেখা যাওয়ায় রাজনৈতিক পালাবদলের প্রভাব সরকারি প্রতিষ্ঠানের দেওয়ালেও পড়ছে কি না,সেই প্রশ্নই সামনে এসেছে।
স্কুলের প্রধান শিক্ষক বিশ্বজিৎ বসাক জানিয়েছেন, জেলা পরিষদের উদ্যোগে ধূপগুড়ির বেশ কয়েকটি প্রাথমিক বিদ্যালয়ে মেরামতির কাজ চলছে। ঝাড় মাগুরমারি স্কুলেও সেই কাজের অংশ হিসাবেই রং করা হয়েছে। তাঁর কথায়,‘‘কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ীই গেরুয়া ও সাদা রং করা হয়েছে।’’
তবে এই রং করার ক্ষেত্রে কোনও নির্দিষ্ট সরকারি নির্দেশিকা রয়েছে কি না, তা নিয়ে ভিন্ন বক্তব্য মিলেছে। ধূপগুড়ি তিন নম্বর সার্কেলের স্কুল পরিদর্শক সুদীপ বিশ্বাস বলেন,‘‘এ বিষয়ে কোনও সরকারি নির্দেশিকা নেই। বিষয়টি আমার জানা নেই।’’
তবে শিক্ষক সংগঠনের একাংশের মতে, শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে কোনও রাজনৈতিক রং কে যুক্ত করা উচিত নয়। শিক্ষক নেতা ভাবতোষ সরকার বলেন, ‘‘স্কুলের মতো একটি নিরপেক্ষ ও পবিত্র শিক্ষা প্রতিষ্ঠানে রাজনৈতিক রঙের প্রলেপ দেওয়া অত্যন্ত দুর্ভাগ্যজনক।সরকার যে দলই আসুক না কেন, শিক্ষাঙ্গনকে দলীয় রাজনীতি এবং রাজনৈতিক রঙের ব্যবহার থেকে দূরে রাখা উচিত। এই ধরনের ঘটনা পড়ুয়াদের মনেও বিভাজনের বার্তা পৌঁছে দিতে পারে।’’
ঝাড় মাগুরমাড়ি স্কুলের ঘটনা আপাতত একটি স্কুলেই সীমাবদ্ধ থাকলেও, সংস্কারের পর অন্যান্য সরকারি প্রাথমিক বিদ্যালয়েও একই ধরনের রং করা হবে কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে। সরকারি স্কুলের ভবনের রং নির্ধারণে প্রশাসনিক কোনও নির্দিষ্ট নীতি রয়েছে কি না, সেই প্রশ্নও উঠছে। শিক্ষা প্রতিষ্ঠানকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার দাবি উঠলেও, বাস্তবে সরকারি প্রতিষ্ঠানের দেওয়ালে রাজনৈতিক রঙের ছাপ পড়ছে কি না—ধূপগুড়ির এই ঘটনা সেই বিতর্কই নতুন করে সামনে এসেছে।

Comments :0

Login to leave a comment