সরকারি খাস জায়গায় বাস। রোজ খাটলে খাওয়া হয়।না খাটলে উপোস করে দিন কাটে। কেউ আবার পাড়ি জমিয়েছে ভিন রাজ্যে। পূজার ছুটিতে তারা বাড়ি এসেছেন। আবার ফিরে যাবেন কেউ কেরালা, তামিলনাড়ু, কেউ উড়িশা তো কেউ আবার গুজরাটে।এমন ৫০টি পরিবারের বাস উত্তর ২৪ পরগনা হিঙ্গলগঞ্জ বিধানসভার খুলনা গ্রাম পঞ্চায়েতের মালিপাড়া। ১০০ শতাংশ আদিবাসী অধ্যুষিত মালিপাড়া। এক ছটাক জমি নেই কারোর। বামফ্রন্ট সরকারের সময়ে পাওয়া পাট্টা জমি কেড়েছে তৃণমূলীরা। দিব্যি চলছে দখল করা জমিতে এক ফসলী চাষাবাদ। পাঁচ মাস অতিক্রান্ত। ক্ষমতায় এসে জমি উদ্ধারে কোন তোড়জোড় নেই স্থানীয় বিজেপি নেতৃত্ব বিধায়কের। শারদোৎসবের আবহে এমনই ৫০টি পরিবারের পাশে সস্ত্রীক দাঁড়ালেন সিপিআই(এম) রাজ্য কমিটির সদস্য নিরাপদ সর্দার। অষ্টমীর সকালে অর্থাৎ সোমবার সেই সমস্ত দিন আনা দিন খাওয়া পরিবারের মহিলাদের হাতে নতুন বস্ত্র হিসাবে একখানি করে কাপড় তুলে দেন। নিরাপদ সর্দারের স্ত্রী দীপা সর্দার জানান, এই সমস্ত মানুষের হাতে প্রতিবছর কিছু না কিছু নতুন বস্ত্র তুলে দেওয়া হয়। বন্ধু বান্ধব যে যেমনভাবে পারে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। যেমন কলকাতার উচ্চ আদালতের আইনজীবী রাজিতলাল মৈত্র সিদ্ধার্থ শংকর মণ্ডল, বসিরহাটের বাসিন্দা রাজা মণ্ডল, খুলনার সঞ্জয় মণ্ডল , কলকাতার বুলবুল সিং সাহায্য করেছেন। নিরাপদ সর্দার বলেন, ২০১১সালে সন্দেশখালির বিধায়ক নির্বাচিত হওয়ার পর থেকে এই সমস্ত দুঃস্থ মানুষদের পাশে সামাজিক দায়বদ্ধতা থেকে কিছু শুভানুধ্যায়ীদের সাহায্য নিয়ে এই বস্ত্র বিতরণ শুরু হয়। তখনও এরা পাট্টা জমি চাষ করলেও গরীব ছিল।২০১২ সালে তৃণমূল সেই পাট্টা দখল করে এদের একেবারে নিঃস্ব করে দেয়।
Hingalganj
নিরাপদ সর্দারের উদ্যোগে হিঙ্গলগঞ্জে বস্ত্র বিতরণ
×
Comments :0