রবিবার সকালে একসঙ্গে ৩টি হাতির মৃতদেহ উদ্ধার হয় পশ্চিম মেদিনীপুরের শালবনির পিরাকাটা রেঞ্জের হাড়তড়া গ্রামে। একটি চাষের জমিতে দুই শাবক সহ তিনটি হাতির দেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। একই দিনে জলপাইগুড়ি জেলার মরাঘাট জঙ্গলের গভীরে উদ্ধার একটি স্ত্রী হাতির মৃতদেহ। রবিবার বনকর্মীদের টহলদারির সময় দেহটি উদ্ধার হয়। হাতিটির অস্বাভাবিক মৃত্যু ঘিরে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে। কী কারণে হাতিটির মৃত্যু তা এখনও স্পষ্ট নয়।
বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, মরাঘাট রেঞ্জের গোঁসাইহাট বিটের এসএমজি ৭ ও ৯ নম্বর কম্পার্টমেন্টের মাঝামাঝি এলাকায় বনকর্মীদের নিয়মিত টহলদারি চলছিল। সেই সময় জঙ্গলের ভিতর থেকে তীব্র দুর্গন্ধ তাঁদের নজরে আসে। সন্দেহ হওয়ায় ওই এলাকায় আরও গভীরে গিয়ে তল্লাশি চালানো হয়। এরপর বনকর্মীরা একটি স্ত্রী হাতির মৃতদেহ দেখতে পান।
দেহে ইতিমধ্যেই পচন ধরতে শুরু করেছে। খবর পেয়ে ঘটনাস্থলে মরাঘাট রেঞ্জের আধিকারিক চন্দন ভট্টাচার্য সহ বন দপ্তরের আধিকারিকরা আসেন। বিষয়টি জেলা বনাধিকারীকেও জানানো হয়।
হাতিটির মৃত্যুর সঠিক কারণ জানতে পশু চিকিৎসকদের একটি দলকে ডাকা হয়েছে। বন দপ্তর জানিয়েছে, ঘটনাস্থলেই প্রয়োজনীয় প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর মৃতদেহের ময়নাতদন্ত করা হবে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসলেই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
জঙ্গলের গভীরে একটি সাব-অ্যাডাল্ট স্ত্রী হাতির মৃত্যুতে স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠেছে। তবে বন দপ্তর মৃত্যুর কারণ নিয়ে এখনই কোনও সিদ্ধান্তে পৌঁছাতে চাইছে না। আধিকারিকদের বক্তব্য, ময়নাতদন্তের পূর্ণাঙ্গ রিপোর্ট না পাওয়া পর্যন্ত মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত ভাবে কিছু বলা সম্ভব নয়। বনকর্মীদের পক্ষ থেকেও ঘটনাস্থল ও আশেপাশের এলাকা খতিয়ে দেখা হচ্ছে।
Elephant Dies
ফের হাতির মৃতদেহ উদ্ধার এবার জলপাইগুড়ির মরাঘাটের জঙ্গলে
×
Comments :0