ফলতার জাহাঙ্গীর খান ঘনিষ্ঠ তৃণমূল নেতা ইসরাফিল চকদারকে পুলিশ গ্রেপ্তার করেছে। বুধবার রাতে ফলতার হাসিমনগর এলাকায় গোপন ডেরা থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। ধৃত এই তৃণমূল নেতা বঙ্গনগর ২ পঞ্চায়েতের প্রধান। ধৃতর বিরুদ্ধে তোলাবাজি, মারধর, হুমকি, ভয় দেখানোসহ একাধিক অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে ফলতার তৃণমূল নেতা সেই জাহাঙ্গীর খান এখনো বেপাত্তা রয়েছেন। কলকাতা হাইকোর্ট রক্ষা কবচ তুলে নিলেও পুলিশ তাকে এখনো গ্রেপ্তার করতে পারে নি। এর আগে ফলতার বিশেষ অর্থনৈতিক অঞ্চলের কারখানার শ্রমিকদের কাছ থেকে তোলাবাজির ঘটনায় জাহাঙ্গীর খানের শাগরেদ নাসির শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার ফলতার বিশেষ অর্থনৈতিক অঞ্চলের শ্রমিকরা জাহাঙ্গীরের ঘনিষ্ঠ সুরজিৎ প্রামাণিক নামে এক ঠিকাদারের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হয়েছেন। তাঁকে গ্রেপ্তারের দাবি জানান শ্রমিকরা। তাঁদের কথায়, ন্যায্য মজুরী তাঁরা পেতেন না। ওভারটাইমের টাকা চাইলে কাজ থেকে বের করে দেওয়ার হুমকি দেওয়া হতো। ১৮ ঘন্টা, ২০ ঘন্টা কাজ করিয়ে ওভারটাইমের টাকা চলে যেত তৃণমূলের দলীয় দপ্তরে। অত্যাচার করতো জাহাঙ্গীর খানের বাহিনী।
শ্রমিকদের অভিযোগ, তৃণমূলের দৌরাত্বে ফলতার বিশেষ অর্থনৈতিক অঞ্চলে একের পর এক কোম্পানী বন্ধ হয়েছে। তোলাবাজি, শ্রমিকদের উপর অত্যাচার চালিয়েছে তৃণমূলের বাহিনী। এদিন তাঁরা সুরজিৎ প্রামাণিককে গ্রেপ্তারের দাবিতে সরব হন।
Falta
তীব্র শোষণ, জাহাঙ্গীর ঘনিষ্ঠ ঠিকাদারকে গ্রেপ্তারের দাবি কারখানা শ্রমিকদের
×
Comments :0