ইচ্ছে — রাম বনে ফুল পাড়ে
মনীষ দেব
নতুনপাতা — ৪র্থ বর্ষ — ৯ মে ২০২৫— পঁচিশে বৈশাখ
বাবা,
আমি তো পড়ছি — সহজ পাঠ
রাম বনে ফুল পাড়ে। গায়ে তার লাল সাল। হাতে তার সাজি।
জবা ফুল তোলে। বেল ফুল তোলে। বেল ফুল সাদা। জবা ফুল লাল। জলে আছে নাল ফুল।
ফুল তুলে রাম বাড়ি চলে।
কিন্তু সবাই ওর নামে চিৎকার করছে কেন? রাম কী লটারি পেয়েছে? রাম-এর কী প্রচুর টাকা ? রাম কী দেশের সবচেয়ে ধনী লোক নাকি শুধুই চিলচিৎকার।
বাবা আমার রাম — ফুল পাড়ে, হয়তো ইস্কুলেও যায়, না হলে সাত দিন কিসের ছুটি। কত সহজ সরল আমার সহজপাঠ-এর রাম। রবিঠাকুরের — রাম। কিন্তু কে এই রাম? যার নামে এত চিৎকার — এত হুঙ্কার।
আমার রাম তো —
ফুল তুলে রাম বাড়ি চলে। তার বাড়ি আজ পুজা। পূজা হবে রাতে। তাই রাম ফুল আনে। তাই তার ঘরে খুব ঘটা। ঢাক বাজে, ঢোল বাজে।
কত সুন্দর পার্বণের কথা, কী সুন্দর উৎসবের আয়োজন, কী সুন্দর সব কথা —
পথে কত লোক চলে। গোরু কত গাড়ি টানে ঐ যায় ভোলা মালী। মালা নিয়ে ছোটে। ছোটো খোকা দোলা চড়ে দোলে।
বাবা তুমি কিছু লিখছ না কেন — হোয়াটস অ্যাপে? আমি কত কী বললাম?
ছোট্টো সোনা,
আমি হিন্দি লিখতে জানি না
এখানে বাংলা লেখা বারণ।
দেশ গাঁয়ে ফিরে তোমায় সব বলবো....
বাবা, তুমি ভাল থেকো। বাবা, তুমি সাবধানে থেকো। মা খুব চিন্তা করে।
আজ পঁচিশে বৈশাখ
রাম বনে ফুল পাড়ে।
গায়ে তার লাল শাল।
ইতি —
তোমার ইচ্ছে।
Comments :0