ক্রেতা সুরক্ষা সপ্তাহে ধূপগুড়ি শহরের হোটেল, রেস্তোরাঁ ও বিভিন্ন খাদ্য বিপণন কেন্দ্রে অনিয়ম ও অস্বাস্থ্যকর পরিবেশের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল মহকুমা প্রশাসন। পৌরসভা ও খাদ্য সুরক্ষা দপ্তরের যৌথ অভিযানে একাধিক গুরুতর অনিয়ম ধরা পড়ার পর ছয়টি প্রতিষ্ঠানকে মিউনিসিপ্যাল অ্যাক্ট অনুযায়ী শোকজ নোটিশ দেওয়া হয়েছে। ৭২ ঘণ্টার মধ্যে সন্তোষজনক জবাব না মিললে আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে প্রশাসন।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বুধবার ছয়টি প্রতিষ্ঠানে নোটিশ জারি করা হয়। একইসঙ্গে শহরের বিভিন্ন ভাতের হোটেল ও রেস্তোরাঁয় অভিযান চালানো হয়। উপস্থিত ছিলেন খাদ্য সুরক্ষা আধিকারিকরাও। পরিদর্শনে ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অব ইন্ডিয়া (FSSAI)-র নিয়ম লঙ্ঘন, অপরিচ্ছন্ন পরিবেশ এবং স্বাস্থ্যবিধির ঘাটতি ধরা পড়ে। কয়েকটি প্রতিষ্ঠানের বৈধ রেজিস্ট্রেশন ও অগ্নিনিরাপত্তার ছাড়পত্র নেই বলেও জানানো হয়েছে। কোথাও ট্রেড লাইসেন্স থাকলেও তা ক্রেতাদের দেখার মতো দৃশ্যমান স্থানে রাখা হয়নি।
অভিযানে একাধিক প্রতিষ্ঠানের রান্নাঘর অপরিচ্ছন্ন অবস্থায় পাওয়া যায়। রান্নার জায়গা ও বাসন ধোয়ার স্থান একই জায়গায় রাখা, জল নিকাশি ও ড্রেনেজ ব্যবস্থায় গাফিলতির মতো অভিযোগও সামনে আসে। শহরের কয়েকটি ছোট খাবারের দোকান ও ফুটপাত দখল করে খোলা জায়গায় বিরিয়ানি রান্না করতেও দেখা যায়। সেখানে পর্যাপ্ত পানীয় জল এবং স্বাস্থ্যসম্মতভাবে বাসন ধোয়ার ব্যবস্থা ছিল না। প্রশাসনের মতে, এই পরিবেশে তৈরি খাবার জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ।
খাদ্য ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্স দৃশ্যমান স্থানে প্রদর্শন, বৈধ রেজিস্ট্রেশন এবং অগ্নিনিরাপত্তার ছাড়পত্র রাখার নির্দেশ দেওয়া হয়েছে। অনলাইনে ট্রেড লাইসেন্স নেওয়ার পর সরেজমিন পরিদর্শনের মাধ্যমে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের স্বাস্থ্যবিধি ও নিরাপত্তা ব্যবস্থা যাচাইয়ের উপরও জোর দেওয়া হয়েছে।
আগামী দিনে শহরের রেস্তোরাঁ গুলিতে নিয়মিত পরিদর্শনের জন্য পৌরসভার ট্রেড লাইসেন্স বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে। প্রশাসনের স্পষ্ট বার্তা, জনস্বাস্থ্যের সঙ্গে আপস করে কোনও প্রতিষ্ঠানকে ব্যবসা চালাতে দেওয়া হবে না।
Dhupguri
ধূপগুড়ি পৌরসভা ও খাদ্য সুরক্ষা দপ্তরের যৌথ অভিযান, ছয়টি প্রতিষ্ঠানকে শোকজ নোটিশ
×
Comments :0