Karandighi Road Mishap

করণদিঘীতে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু স্কুল ছাত্রের, অবরোধ

জেলা

বিশ্বনাথ সিংহ : রায়গঞ্জ

 উত্তর দিনাজপুর জেলার করণদিঘী থানার টুঙ্গিদিঘিতে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।  বৃহস্পতিবার রাত ১০ টা নাগাদ মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক স্কুল ছাত্রের। জানা গেছে, ১২ নং জাতীয় সড়ক ধরে একটি মোটর ভ্যান করণদিঘি অভিমুখে যাচ্ছিল। সেই সময় ধর্মদাস মাহাতো নামে তিতপুকুর হাই স্কুলের একাদশ শ্রেণির ছাত্র রাস্তা পার হচ্ছিল। সজোরে মোটর ভ্যানের ধাক্কা দেয়  তাকে। সেই ছাত্র ছিটকে চাকার তলায় পিষ্ট হয়ে যায়। ঘটনাস্থলে ছাত্রের মৃত্যু হয়। মৃত্যের বাড়ি স্থানীয় সাদিকুল লাল্টোলা গ্রামে।  তড়িঘড়ি করণদিঘি হাসপাতাল থেকে ময়না তদন্তের জন্যে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে পুলিশ। 
এদিকে জাতীয় সড়কে টোটো মোটর ভ্যানের মতো গাড়িগুলো চলাচলে নিষেধাজ্ঞা সত্বেও বেপরোয়া ভাবে চলছে। টুঙ্গিদিঘি মোড়ে ট্রাফিক পুলিশ ক্যাম্প থাকা সত্বেও বারে বারে দুর্ঘটনা ঘটছে প্রতিবাদে এলাকার কয়েকশ বাসিন্দা পথ অবরোধ করেন। পথ অবরোধের জেরে দীর্ঘ সময় ধরে যান চলাচল অবরুদ্ধ হয়ে যায়। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী এসে গোটা বিষয় খতিয়ে দেখার আশ্বাস দিলে পথ অবরোধ তুলে নেন বাসিন্দারা।  মোটর ভ্যানটিকে আটক করেছে পুলিশ। তবে চালকের খোজ মিলছে না।

Comments :0

Login to leave a comment