জন জোয়ারে ভেসে পুলিশের বাধা ও শাসক দলের প্ররোচনা উপেক্ষা করে সোমবার মনোনয়ন পত্র জমা দিলেন হাওড়া সদরের বামফ্রন্টের প্রার্থীরা। সোমবার সকালে হাওড়া ময়দানে জমায়েত হতে থাকেন বামপন্থী কর্মীরা। বেলা হওয়ার সঙ্গে সঙ্গে হাওড়া মেট্রো স্টেশনের সামনের রাস্তা দখল নেয় লাল পতাকার কর্মীরা।
সোমবার বেলা সাড়ে বারোটা নাগাদ বালি বিধানসভার সিপিআই(এম) প্রার্থী শংকর মৈত্র, উত্তর হাওড়া বিধানসভার সিপিআই(এম) প্রার্থী অধ্যাপক গৌতম রায়, মধ্য হাওড়া বিধানসভার সিপিআই(এম) প্রার্থী আইনজীবী ইমতিয়াজ আহমেদ, দক্ষিণ হাওড়া বিধানসভার সিপিআই(এম) প্রার্থী ডাঃ অভিজিৎ বন্দোপাধ্যায়, সাঁকরাইল বিধানসভার সিপিআই(এম) প্রার্থী সমীর মালিক, ডোমজুড় বিধানসভা কেন্দ্রের সিপিআই(এম) প্রার্থী দুলু দাস, শিবপুর বিধানসভার ফরওয়ার্ড ব্লকের প্রার্থী ডাঃ জগন্নাথ ভট্টাচার্য ও পাঁচলা বিধানসভা কেন্দ্রের ফরওয়ার্ড ব্লকের প্রার্থী ফরিদ মোল্লাকে সঙ্গে নিয়ে বামপন্থী ও আইএসএফ কর্মীরা মনোনয়নপত্র জমা দিতে মিছিল মিছিল শুরু হয়। মিছিল শুরু হবার আগে হাওড়া ময়দান মেট্রো স্টেশনের সামনে সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন পার্টির পলিট ব্যুরো সদস্য শ্রীদীপ ভট্টাচার্য। প্রার্থীদের সঙ্গে নিয়ে মিছিলে পা মেলান শ্রীদীপ ভট্টাচার্য, জেলা বামফ্রন্টের আহ্বায়ক দিলীপ ঘোষ, সিপিআই(এম) নেতা পরেশ পাল, তরুণ ব্যানার্জি সহ জেলা বামফ্রন্টের বিভিন্ন নেতৃবৃন্দ।
সুবিশাল মিছিল হাওড়া ময়দান থেকে শুরু হয়ে ফ্যাসিতলা মোড়ে পৌঁছালে মিছিল আটকায় পুলিশ। দীর্ঘক্ষণ রাস্তায় মিছিল দাঁড় করিয়ে রাখে পুলিশ। কর্মীদের চাপে পড়ে শেষ পর্যন্ত মিছিল চার্চ রোড ধরে হাওড়া কোর্টের সামনে পৌঁছালে আবার মিছিল আটকায় পুলিশ। সামনেই শাসক দলের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেবার জন্য আগে থেকেই জমায়েত হয়ে ছিল। বামপন্থীদের মিছিল দেখে তারস্বরে ডিজে বাজাতে শুরু করে শাসক দলের কর্মীরা। শাসক দলের কর্মীদের পক্ষ থেকে বামপন্থী কর্মীদের উদ্দেশ্যে কুরুচিকর মন্তব্য করায় প্রতিবাদ করেন বামপন্থী কর্মীরা। ডিউটিতে থাকা পুলিশ কর্মীরা কার্যত দাঁড়িয়ে থেকে তাদের দায়িত্ব পালন করেন। দীর্ঘক্ষণ আটকে থাকার পরে কর্মীদের প্রবল চাপে পড়ে মিছিল যেতে অনুমতি দেয় পুলিশ। মিছিল জেলা শাসকের দপ্তরের সামনে পৌঁছে প্রার্থীরা নির্ধারিত দপ্তরে গিয়ে তাদের মনোনয়নপত্র জমা দেন।
দিলীপ ঘোষ জানান, গত মাসের ২১ তারিখে জেলা শাসক ও পুলিশ কমিশনারকে চিঠি দিয়ে জানানো হয়েছিল আগামী ৬ এপ্রিল হাওড়া সদরের সিপিআই(এম) প্রার্থীরা মিছিল করে তাদের মনোনয়নপত্র জমা দেবেন। তিনি বলেন, "অতীতে বিভিন্ন নির্বাচনে বড় রাজনৈতিক দলের প্রার্থীরা একেকদিনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। কিন্তু এবারের নির্বাচনে একই দিনে দুইটি রাজনৈতিক দলকে একই স্থানে মিছিল করা ও মনোনয়নপত্র জমা দেবার অনুমতি দিয়ে কার্যত মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছিল জেলা প্রশাসন।"
Comments :0