Cancer Surgery

পুরুলিয়ায় সফল জটিল ক্যান্সার অপারেশন

রাজ্য জেলা

সুস্থ হয়ে বাড়ি যাওয়ার আগের মুহূর্তে চিকিৎসকের সঙ্গে রোগী।

অসম্ভবকে সম্ভব করে দেখানো। ক্যান্সারের মতো জটিল রোগের সফল চিকিৎসা হলো পুরুলিয়া দেবেন মাহাতো সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। বেঁচে থাকার শেষ আশা টুকুও ছেড়ে দেওয়া ক্যান্সার আক্রান্ত রোগীর সফল অপারেশন করিয়ে নিজের গাড়িতে করে রোগীকে বাড়িতে পৌঁছে দিলেন চিকিৎসক পবন মন্ডল।
পুরুলিয়ার বলরামপুর থানার আমটাঁড় গ্রামের প্রায় ৫২ বছর বয়সী আদিবাসী বৃদ্ধা পেটের ব্যথা নিয়ে গত দেড় মাস পুরুলিয়া দেবেন মাহাতো সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করান তার পরিবার। এরপরই বিভিন্ন ডাক্তারি পরীক্ষার পর চিকিৎসকরা জানতে পারেন পেরিয়াম্পুলারি ক্যান্সার (Periampullary Cancer) এর মতো জটিল রোগে আক্রান্ত হয়েছেন তিনি। প্যানক্রিয়াস এর ওপরের অংশে ক্যান্সার থাকার জন্যই তিনি জন্ডিসেও আক্রান্ত হয়েছিলেন। বিষয়টি জানার পর ওই বৃদ্ধার পরিবারের মাথায় আকাশ ভেঙ্গে পড়ে। এতদিন তারা জেনে এসেছেন ক্যান্সার চিকিৎসার জন্য মোটা খরচ হয়ে থাকে। কিন্তু ওই নিম্নবিত্ত পরিবারের পক্ষে বৃদ্ধার ভালো চিকিৎসা করানো অসম্ভব। তাই পুরুলিয়া দেবেন মাহাতো সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের শল্য চিকিৎসক পবন মণ্ডলের সঙ্গে যোগাযোগ করেন তাঁরা। চিকিৎসক পবন মণ্ডলও আশ্বাস দেন ওই বৃদ্ধার চিকিৎসা করার।
চিকিৎসক পবন মণ্ডল কথা বলার সময় নস্টালজিক হয়ে চোখের জল ফেলেন। তিনি জানিয়েছেন ডাক্তারি পড়ার সময় তাঁর বাবা পেরিয়াম্পুলারি ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। তাই পুরুলিয়া দেবেন মাহাতো সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালেও একই জটিল রোগে আক্রান্ত হওয়া মহিলাকে সুস্থ করে তোলার পণ নেন তিনি। গত ১৩ মে এই রোগীর চিকিৎসার জন্য ৭ জন চিকিৎসকের টিম গঠন করে নার্সদের সহযোগিতায় একটানা ৭ ঘণ্টার অপারেশন হয়। অপারেশনের আগে এবং অপারেশনের সময় রোগীকে রক্ত দেওয়া হয়। এরপরই ওই বৃদ্ধা ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন। এতদিন হাসপাতালে পর্যবেক্ষণে ছিলেন তিনি। বৃহস্পতিবার পুরোপুরি সুস্থ হয়ে ছুটি নিয়ে নিজের পায়ে হেঁটে হাসপাতাল থেকে বেরিয়ে আসেন ওই রোগী। সুস্থ হয়ে বাড়ি ফেরার পথে রোগী মিনি মান্ডি জানিয়েছেন, এখন তিনি অনেকটাই সুস্থ। চিকিৎসক পবন মন্ডল নিজের গাড়ি করে রোগী এবং তাদের পরিবারকে বাড়ি পৌঁছে দেন।

Comments :0

Login to leave a comment