Lataguri Eviction

​উৎসবের মরশুমেও স্বস্তি নেই! লাটাগুড়ি স্টেশনপাড়ায় প্রায় তিনশো পরিবারকে উচ্ছেদের নোটিশ

রাজ্য জেলা

কৌশিক দাম 


উত্তরবঙ্গের লাটাগুড়িতে রেলের নির্বিচারে উচ্ছেদ নোটিশকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দারা চরম অনিশ্চয়তা ও উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন। ব্রিটিশ আমল তথা প্রায় ৭৫-৮০ বছর ধরে এই জমিতে বহু গরিব ও সাধারণ মানুষ বসবাস করে আসছেন। অথচ কোনও রকম উপযুক্ত পুনর্বাসন বা সুনির্দিষ্ট রূপরেখা ছাড়াই রেল কর্তৃপক্ষ তাঁদের জোর করে উচ্ছেদ করার চেষ্টা চালাচ্ছেন বলে অভিযোগ উঠেছে।

​স্থানীয় সূত্রে জানা গেছে, প্রথম দফায় ৩৬টি পরিবারকে নোটিশ দিয়ে গত ৬ নভেম্বর আলিপুরদুয়ারে ডিআরএম অফিসে তলব করা হয়। আচমকা নোটিশ আসায় এবং নোটিশে সুনির্দিষ্ট কারণ উল্লেখ না থাকায় বিভ্রান্তি ছড়ায়। দিনমজুর ও গরিব মানুষ গুলো ধারদেনা করে এবং গাড়ি ভাড়া করে সেই শুনানিতে হাজিরা দেন। এরপর সোমবার নতুন করে আরও প্রায় ৪০টি পরিবারকে নোটিশ জারি করা হয়েছে এবং আগামী ১১ নভেম্বরের মধ্যে রেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। সব মিলিয়ে প্রায় ৩০০টি পরিবার এই উচ্ছেদ প্রক্রিয়ার শিকার হতে চলেছে। শুধু বসতবাড়িই নয়, স্টেশন চত্বরের ছোট ব্যবসায়ীদের রুটি-রুজির একমাত্র অবলম্বনও এই উচ্ছেদের ফলে বিপন্ন হতে বসেছে।

৬ নভেম্বরের শুনানির সময় বাসিন্দাদের একটি মুচলেকা বা ডিক্লেরেশন ফর্ম সই করানোর চেষ্টা করা হয় বলে অভিযোগ। সেখানে বলা হয়েছিল, রেলের জমিতে অবৈধভাবে বসবাসের কথা লিখিতভাবে স্বীকার করতে হবে এবং ভবিষ্যতে প্রশাসন বুলডোজার নিয়ে আসলে কেউ যেন কোনও বাধা না দেয়। কিন্তু বাসিন্দারা সাফ জানিয়ে দেন যে, এই অনৈতিক শর্ত তাঁরা কোনও ভাবেই মানবেন না।​ নোটিশ পাওয়া বাসিন্দা তথা সিপিআই(এম)-এর লাটাগুড়ি গ্রাম পঞ্চায়েতের সদস্য মনা বিশ্বাস স্পষ্ট ভাষায় জানিয়েছেন, ‘‘রেলের উন্নয়নমূলক কাজের জন্য জমির প্রয়োজন হলে পুনর্বাসনের ব্যবস্থা করে দেওয়া হোক, আমরা নিজে থেকেই সরে যেতে রাজি আছি। কিন্তু দশকের পর দশক এখানে বসবাস করার পর পুনর্বাসন না দিয়ে আমরা কোথায় যাব?’’ রেলের পক্ষ থেকে কোনও নিশ্চিত আশ্বাস না মেলায় শেষ পর্যন্ত আলোচনা অসমাপ্ত রেখেই বাসিন্দারা ফিরে আসেন। 
প্রবীণ গ্রামবাসী ঝন্টু রাহার প্রশ্ন, আজ থেকে ৭৫-৮০ বছর আগে যখন এই জমিগুলি জঙ্গল বা পতিত জমি ছিল এবং রেলের কোনও কাজেই লাগেনি, তখন গরিব পূর্বপুরুষরা এখানে আশ্রয় নেন। বর্তমানে রেলের কাছে আদৌ এই জমির কোনও বৈধ ও স্পষ্ট অধিগ্রহণ সংক্রান্ত কাগজ আছে কি না, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে।দিনে মাত্র দু’টি ট্রেন চলা লাটাগুড়ি লাইনে যেখানে ট্রেন লোকসনে চলছে, সেখানে হঠাৎ করে গোটা গ্রাম খালি করার এই তৎপরতা কেন—তা নিয়ে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে।
গ্রামবাসী অতুল রায়ের অভিযোগ, রেলের সামান্য জমি প্রয়োজন হলে তা নেওয়া যেতে পারে, কিন্তু গোটা গ্রামকে উচ্ছেদ করে আসলে কোনও  বড় কর্পোরেট সংস্থাকে সুবিধা পাইয়ে দেওয়ার গভীর চক্রান্ত চলছে।
এই উচ্ছেদ আতঙ্ককে কেন্দ্র করে ইতিমধ্যেই এলাকায় রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। খবর পেয়েই সিপিআই(এম)-র একটি প্রতিনিধি দল সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখতে লাটাগুড়ি স্টেশনপাড়ায় যান। সিপিআই(এম) জলপাইগুড়ি জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য আশীষ সরকার এই ঘটনার তীব্র নিন্দা করে বলেন, "স্টেশনপাড়ার বাসিন্দারা কোনও নতুন দখলদার নন; তাঁরা দীর্ঘ ৭৫-৮০ বছর ধরে ওই এলাকায় বসবাস করছেন। তাই ঢালাওভাবে সবাইকে নোটিশ পাঠিয়ে হঠাৎ উচ্ছেদ করা কোনও ভাবেই মেনে নেওয়া যাবে না। বিকল্প জায়গার বন্দোবস্ত বা উপযুক্ত পুনর্বাসনের সুনির্দিষ্ট ব্যবস্থা না করে এভাবে সাধারণ মানুষকে ভিটেমাটি থেকে উৎখাত করা চলবে না। আমরা কোনও ভাবেই উন্নয়নের বিরোধী নই, এলাকায় উন্নয়ন নিশ্চয়ই হবে। যাতে জীবন-জীবিকার অধিকার দুটোই রক্ষা পায়। উন্নয়নের স্বার্থে যদি কোথাও সামান্য কিছু বাড়ি সরাতে হয়, তবে তা আলোচনার মাধ্যমে সুচিন্তিতভাবে করা যেতে পারে। কিন্তু একসঙ্গে সব পরিবারকে নোটিশ ধরিয়ে উচ্ছেদ করার প্রক্রিয়া সম্পূর্ণ অন্যায়।"
​
উন্নয়নমূলক কাজের পাশাপাশি আগে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের উপযুক্ত পুনর্বাসন নিশ্চিত করতে হবে। বিকল্প ব্যবস্থার স্পষ্ট রূপরেখা ছাড়া এই উচ্ছেদ অভিযান অবিলম্বে বন্ধ করতে হবে। অন্যথায় গ্রামবাসীদের সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবে সিপিআই (এম)।

Comments :0

Login to leave a comment