দীপাবলির রাতে উত্তরপ্রদেশের বাঘপতে বাজি ফাটানো নিয়ে বিবাদের জেরে ২৬ বছর বয়সী এক সেনা জওয়ানের মাথায় গুলি লেগেছে। তিনি রাষ্ট্রপতি ভবনে দেহরক্ষী হিসেবে কর্মরত ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
সৌরভ তোমার- নামে ওই জওয়ান, দীপাবলি উদযাপনের জন্য বাগপতের গোপালপুর খাদানায় তাঁর নিজের পরিবারের কাছে, বাড়িতে এসেছিলেন।
পুলিশ জানিয়েছে, রাত ১০টা নাগাদ পুলিশ গোলাগুলির খবর পায়। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে যে, সৌরভ তার পরিবারের সদস্যদের সঙ্গে রাস্তায় আতশবাজি পোড়াচ্ছিলেন। এ সময় তাদের দুই প্রতিবেশী ধীরজ ও মনু নামের দুই ভাই, এই বিষয়ে প্রতিবাদ করেন এবং সৌরভের ভাই বিনীতের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন।
প্রথমে ঘটনাটি তর্কাতর্কি দিয়ে শুরু হলেও ক্রমেই তা হিংসায় পরিণত হলে, ধীরাজ তখন একটি দেশি পিস্তল বের করে গুলি চালায়। গুলিটি প্রথমে দেয়ালে আঘাত করে, তারপর সৌরভের মাথায় গিয়ে লাগে।
অভিযুক্তরা বিনীতকেও মারধর করে। তারপর পরিবারটিকে ভয়াবহ পরিণতির হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরিবারের সদস্যরা সৌরভকে দ্রুত হাসপাতালে নিয়ে যান, যেখানে চিকিৎসকরা অস্ত্রোপচারের মাধ্যমে গুলিটি বের করেন। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।
পুলিশ ধীরাজ ও মনুর বিরুদ্ধে হত্যার চেষ্টার অভিযোগে একটি এফআইআর দায়ের করেছে।
সার্কেল অফিসার অংশু জৈন জানিয়েছেন, অভিযুক্তকে খুঁজে বের করে গ্রেপ্তার করার চেষ্টা করছে পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার প্রবীণ কুমার চৌহান নিশ্চিত করেছেন যে, সৌরভ ‘প্রেসিডেন্টস বডিগার্ড’ রেজিমেন্টে কর্মরত। সৌরভ প্রায় দুই বছর আগে বিয়ে করেছিলেন এবং তাঁর নয় মাস বয়সী একটি সন্তান রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
উল্লেখ্য, এই উত্তর প্রদেশেই এনকাউন্টার রাজ অর্থাৎ যে কোনও অপরাধীকে বিচারের আগেই শাস্তি হিসাবে এনকাউন্টার করা হতে পারে। যোগী আদিত্যনাথ রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার পর একের পর এক ‘এনকাউন্টার’ হয়েছে। কিন্তু সমাজে হিংসা বা অপরাধে উত্তর প্রদেশ ওপরের দিকেই রয়েছে। সাধারণ মানুষের কাছে বন্দুক কিভাবে এত সহজলভ্য হয়ে যাচ্ছে, তা নিয়েও উঠেছে প্রশ্ন।
President’s bodyguard shot in Uttar Pradesh
উত্তরপ্রদেশে বাজি পোড়ানো নিয়ে প্রতিবেশীদের সঙ্গে বিবাদের জেরে গুলিবিদ্ধ রাষ্ট্রপতির দেহরক্ষী
×
Comments :0