রাজ্যের দ্বিতীয় দফা বিধানসভা নির্বাচনের প্রচারের শেষ রবিবার সকাল থেকে রাত পর্যন্ত হাওড়া জেলার বিভিন্ন বিধানসভা কেন্দ্রের বামপন্থী প্রার্থীদের সমর্থনে মহা মিছিল, বাইক মিছিল, পথসভা ও পদযাত্রা অনুষ্ঠিত হয়। রবিবার সকালে ডোমজুড় বিধানসভা কেন্দ্রের সিপিআই(এম) প্রার্থী দুলু দাসের সমর্থনে বালি জগাছা রাজচন্দ্রপুর থেকে কুমিল্লা পাড়া পর্যন্ত মহামিছিলে ছিলেন সিপিআই(এম) পলিটিব্যুরো সদস্য শ্রীদীপ ভট্টাচার্য, কেন্দ্রীয় কমিটির সদস্য কনিনীকা ঘোষ বোস, প্রার্থী দুলু দাস, বিশিষ্ট নাট্যকার বিমল চক্রবর্তী সহ নেতৃবৃন্দ। হাওড়া দক্ষিণ বিধানসভা কেন্দ্রের সিপিআই(এম) প্রার্থী ডাঃ অভিজিৎ বন্দোপাধ্যায়ের সমর্থনে বিশাল বাইক মিছিল এদিন সকালে গড়ফা থেকে শুরু হয়ে সমগ্র বিধানসভা এলাকা পরিক্রমা করে হাঁসখালি পোল হয়ে চাঁদমারি জলার সামনে শেষ হয়। বাইক মিছিলে ছিলেন সর্বভারতীয় ছাত্র নেতা সৃজন ভট্টাচার্য, প্রার্থী ডাঃ অভিজিৎ বন্দোপাধ্যায় সহ বিভিন্ন নেতৃবৃন্দ। বিকালে হাওড়া মধ্য বিধানসভা কেন্দ্রের সিপিআই(এম) প্রার্থী আইনজীবী ইমতিয়াজ আহমেদের সমর্থনে মহামিছিল বিজয়ানন্দ পার্ক থেকে শুরু হয়ে বিভিন্ন পথ অতিক্রম করে মন্দিরতলায় শেষ হয়। মিছিলে ছিলেন শ্রীদীপ ভট্টাচার্য, জেলা সম্পাদক দিলীপ ঘোষ, প্রার্থী ইমতিয়াজ আহমেদ।
রবিবার সকালে রাজচন্দ্র পুরে ডোমজুড় বিধানসভা কেন্দ্রের সিপিআই(এম) প্রার্থী দুলু দাসের সমর্থনে মহা মিছিলের শুরুতে শ্রীদীপ ভট্টাচার্য বলেন, রাজ্যের প্রথম দফা নির্বাচনে সমস্ত ভয়, ভীতি, সন্ত্রাসের বাধাকে হেলায় হঠিয়ে মানুষ ১৫ বছর পর নিজের গণতান্ত্রিক অধিকার ভোটাধিকার প্রয়োগ করেছেন তাতে বাংলায় নতুন হাওয়া বইতে শুরু করেছে। বাংলায় ১৫ বছরের চরম স্বৈরাচারী, দুর্নীতির এবং সারা দেশের ১২ বছরের কর্পোরেট সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে রায় দেবেন। এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি পুনরুজ্জীবনের জন্য ভোট দেবেন। সারা রাজ্যে যেখানেই মেয়েদের ওপর আক্রমণ সেখানেই প্রতিবাদ আন্দোলন লড়াইয়ের অন্যতম সৈনিক মহিলা আন্দোলনের নেত্রী দুলু দাস বিধানসভায় মেয়েদের লড়াইয়ের কথা তুলে ধরবেন।
কনিনিকা ঘোষ বলেন, যেখানেই মেয়েরা আক্রান্ত হচ্ছেন সেখানেই দুলু দাস পৌঁছে যাচ্ছেন কোনও রকম রাজনৈতিক রং না দেখেই। পশ্চিমবঙ্গে মেয়েদের উপর আক্রমণ দূর করার কথা বিজেপির মুখে মানায় না। যে বিজেপি হাথরস উন্নাওয়ের ধর্ষকদের নিয়ে মিছিল করে। যে বিলকিস বানুকে আঠারোবার ধর্ষণ করা হয়েছে সেই বিলকিস বানুর ধর্ষকদের প্যারোলে মুক্ত করে মালা পরিয়ে মিছিল করে নিয়ে আসে। সেই বিজেপি মেয়েদের বিচার দেবে এটা হতে পারে না। মনুবাদী বিচার ধারায় বিশ্বাসী বিজেপি মেয়েদের চরম সম্মান, সম্ভ্রম, অধিকার কেড়ে নিতে চায়। এদিনের মহামিছিল রাজচন্দ্রপুর থেকে শুরু করে নিশ্চিন্দা, ঘোষপাড়া, সাপুইপাড়া, ষষ্টীতলা হয় কুমিল্লাপাড়ায় শেষ হয়। মিছিলে সিঙ্গরের জমি সহ বন্ধ নিস্কো কারখানার জমিতে শিল্প স্থাপনের স্লোগান উঠে আসে।
West Bengal Elections
হাওড়ায় বাম প্রার্থীদের সমর্থনে মহামিছিল
×
Comments :0