Tea Workers Denguajhar

বিজেপি’র মুখোমুখি মহিলা শ্রমিকরা, গেটসভা ডেঙ্গুয়াঝার চা বাগানে

জেলা

মহিলা শ্রমিকদের প্রতিরোধে বিজেপির বাধা উড়িয়ে জলপাইগুড়ি শহর সংলগ্ন ডেঙ্গুয়াঝার চা বাগানে বৃহস্পতিবার সকালে গেট মিটিং হয়। 
বোনাস, ন্যূনতম মজুরি এবং জমির পাট্টা তিন দাবি নিয়ে উত্তরবঙ্গের বিভিন্ন চা বাগানে বুধবার এবং বৃহস্পতিবার সকালে গেট মিটিং হবে বলে কিছুদিন আগেই ঘোষণা করে চা শ্রমিকদের ইউনিয়নগুলির যৌথ মঞ্চ জয়েন্ট ফোরাম। এদিন সকালে ডেঙ্গুয়াঝার চা বাগানের ফ্যাক্টরির সামনে গেট মিটিং করতে গেলে  বাধা দেয় কয়েকজন বিজেপি কর্মী। জয়েন্ট ফোরামের নেতা রোহিত রোশন তিরকে, প্রফুল্ল লাকড়া, লাল্টু মহম্মদ, শংকর খেরিয়া সিরিল ওরাও, বেথেল ওরাওঁদের সঙ্গে শুরু হয় বচসা। বাগান শ্রমিকদের জোর করে কাজে পাঠিয়ে দেওয়া হয়। মাইক লাগাতে দেওয়া হয়নি। জয়েন্ট ফোরামের নেতৃত্ব জোরের সঙ্গে ঘোষণা করেন সভা হবে ওই জায়গাতেই। অবশেষে বচসা চলাকালীন মহিলা চা শ্রমিকরা প্রতিরোধে এগিয়ে আসেন। মহিলা চা শ্রমিকরা ঘোষণা করেন জয়েন্ট ফোরাম নেতৃত্বের বক্তব্য শুনতে তারা আগ্রহী। প্রতিরোধে পিছু হটে বিজেপি কর্মীরা। 
মাইক ছাড়াই শুরু হয় সভা। সভা শেষে বাগানের ম্যানেজারের হাতে দাবি পত্র তুলে দেওয়া হয়।
দীর্ঘ প্রায় ১২ বছর ধরে আটকে রয়েছে চা শ্রমিকদের ন্যূনতম মজুরি এবং জমির পাট্টার দাবি। দ্রুত সেই সমস্যার সমাধানের দাবি জানিয়েছে জয়েন্ট ফোরাম। পাশাপাশি, চা শ্রমিকদের ২০ শতাংশ বোনাস দ্রুত দেওয়ার দাবিও তুলেছে সংগঠন। 

Comments :0

Login to leave a comment