মিড-ডে মিল প্রকল্প বেসরকারিকরণ করা যাবে না। কর্মীদের ছাঁটাই করা যাবে না। এমন একাধিক দাবিকে সামনে রেখে পশ্চিমবঙ্গ মিড-ডে মিল কর্মী ইউনিয়ন‘র মালদহ জেলা কমিটির উদ্যোগে মালদহ জেলা শাসকের কাছে ডেপুটেশন দেওয়া হয়।
সিআইটিইউ অনুমোদিত এই সংগঠনের দাবি, কর্মীদের নাম অন্নপূর্ণা যোজনায় যুক্ত করতে হবে। দিতে হবে ১২ মাসের ভাতা। শারদোৎসব এবং ঈদের উৎসব ভাতা দিতে হবে। মিড-মিল কর্মীদের পোষাক দিতে হবে।
রাজ্যে বিজেপি সরকার আসীন হওয়ার পর প্রথম বাজেটেই কলকাতায় মিড ডে মিলের পাইলট প্রজেক্টের ঘোষণা করা হয়। ‘ইসকন’-কে দিয়ে স্কুলে স্কুলে খাবার সরবরাহের ঘোষণা করা হয়। এর পর রাজ্যের অন্যত্রও বেসরকারি প্রতিষ্ঠানকে দেওয়া হবে এই কাজ। ফলে কাজ হারানোর শঙ্কায় রয়েছেন মিড ডে মিল কর্মীরা।
বুধবার মালদহের বিভিন্ন ব্লক ও পৌর এলাকা থেকে কয়েকশো মিড-ডে মিল কর্মী মালদহ টাউন হলের সামনে সমবেত হন। মিছিল করে নজরুল সরণি, কে জে সান্যাল রোড, রাজ হোটেল ফোয়ারা মোড় হয়ে জেলা শাসকের অফিসের সামনে জমায়েত করা হয়। মিছিলের শুরুতে ও শেষে হয় সভা হয় ইউনিয়নের মালদহ জেলা সভাপতি প্রণব দাসের সভাপতিত্বে। সভায় ভাষণ দেন সিআইটিইউ-র জেলা সম্পাদক দেবজ্যোতি সিনহা। বক্তব্য রাখেন নুরুল ইসলাম,
স্বপন সেন, শেখর রায়, রাণাপ্রতাপ সরকার, মহিলা নেত্রী রীনা সোম মিত্র, কর্মী ইউনিয়নের নেত্রী লিচ্ছবি নিত্য প্রমুখ।
নেতৃবৃন্দ মিড-ডে মিল কর্মীদের বিভিন্ন দাবি তুলে ধরে বলেন, কর্মীদের প্রতি বৈষম্য বন্ধ করতে হবে। ১১দফা দাবি মেনে নিতে হবে। পাশাপাশি নেতৃবৃন্দ বলেন, রাজ্যে যে আপদের সরকার ছিল তা বিদায় নিয়ে বিপদের ডবল ইঞ্জিন সরকার এসেছে। মানুষের বিপদ আরো বেড়েছে। তাঁরা বলেন, এসআইআর নিয়ে আগামী ২৫ সেপ্টেম্বর সিইও দপ্তর অভিযানের ডাক দিয়েছে সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি। তাকে সফল করতে হবে।
এদিন এই কর্মসূচি থেকে মিড-ডে মিল কর্মী ইউনিয়নের জেলা সভাপতি প্রণব দাস, সম্পাদক মণিকা দাস সহ শংকর প্রসাদ, তাফাজুল হক, পাতানু মিয়া, সারিনা বিবি, কালোকিতা টুডুর নেতৃত্বে প্রতিনিধিরা গিয়ে স্মারকলিপি দেওয়া হয়। জেলা শাসকের পরিবর্তে সংশ্লিষ্ট আধিকারিক তা গ্রহণ করেন। দাবিগুলি বিবেচনা করার আশ্বাস দেওয়া হয়েছে বলে জানান প্রণব দাস ও মণিকা দাস।
Mid Day Meal Maldah
ছাঁটাই চলবে না, বেসরকারিকরণ নয়, মালদহে জেলা শাসকের দপ্তরে মিড ডে মিল কর্মীরা
মালদহে জেলা শাসকের দপ্তরে মিড ডে মিল কর্মীরা। ছবি: উৎপল মজুমদার
×
Comments :0