প্রায় তিন মাস ধরে মিড-ডে মিলের বরাদ্দ না আসায় ধূপগুড়ি পৌর এলাকার প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরা চরম সমস্যায় পড়েছেন। পড়ুয়াদের দুপুরের খাবার চালু রাখতে এতদিন স্থানীয় দোকান থেকে ধার করে সামগ্রী কিনতে হয়েছে। কিন্তু মাসের পর মাস বকেয়া জমায় এখন দোকানদাররাও আর ধার দিতে চাইছেন না। ফলে পরিষেবা চালু রাখা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
ধূপগুড়ি পৌর এলাকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক অভীক সরকার জানান, জুন মাসের পর থেকে মিড-ডে মিলের কোনও টাকা আসেনি। স্থানীয় মুদির দোকানে প্রায় ২০ হাজার টাকা বকেয়া জমেছে। ফলে নতুন করে ধার চাইতেও সমস্যায় পড়তে হচ্ছে। উচ্চ বিদ্যালয় গুলিতেও একই পরিস্থিতি। এক শিক্ষক জানান, জুলাই মাসের কিছু অগ্রিম টাকা থাকায় এতদিন কোনওমতে পরিষেবা চালানো সম্ভব হয়েছে।
মাথাপিছু বরাদ্দ বাড়িয়ে ১০ টাকা এবং রান্নার দায়িত্ব ইসকনের হাতে দেওয়া নিয়ে রাজ্যজুড়ে যখন আলোচনা চলছে, তখন ধূপগুড়ি শহরের তিনটি উচ্চ বিদ্যালয়-সহ প্রায় ৩০টি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে মিড-ডে মিল চালাতে গিয়ে শিক্ষকরা নাজেহাল।
পৌর এলাকার মিড-ডে মিলের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের বক্তব্য, শারীরিক অসুস্থতার কারণে কিছু প্রশাসনিক সমস্যা হয়েছিল। তবে পরিস্থিতি স্বাভাবিক করতে সম্প্রতি সংশ্লিষ্ট আধিকারিক ও স্কুল পরিদর্শকদের নিয়ে বৈঠক হয়েছে।
খোঁজ নিয়ে জানা গিয়েছে, গ্রামীণ এলাকার স্কুলগুলির জন্য জেলা থেকে ব্লক ও স্কুল মিলিয়ে বরাদ্দ দেওয়া হয় এবং অগ্রিম অর্থ অ্যাকাউন্টে থাকে। ফলে সেখানে এই সমস্যা হয়নি। কিন্তু পৌর এলাকার স্কুলগুলির ক্ষেত্রে নিয়ম আলাদা। প্রতি মাসের শেষে নির্দিষ্ট ফর্ম্যাটে বিল তৈরি করে পৌরসভায় জমা দিতে হয়। বিল পাশ হওয়ার পরেই স্কুলের অ্যাকাউন্টে টাকা আসে। এই প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতাতেই সমস্যা তৈরি হয়েছে বলে অভিযোগ।
ধূপগুড়ি আরআর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়ন্ত মজুমদার বলেন, ‘‘গ্রামীণ স্কুলগুলিতে সমস্যা না হলেও শহরের ক্ষেত্রে কেন এই জটিলতা, তা বোধগম্য নয়। এতদিন পকেট থেকে টাকা খরচ করে চালিয়েছি। এখন দোকানদাররাও আর ধার দিতে চাইছেন না।’’
সূত্রের খবর, জুন মাসে বরাদ্দ পৌঁছালেও প্রশাসনিক জটিলতার কারণে সেই টাকা ফেরত চলে যায়। আগস্ট শেষ হতে চললেও শহরের স্কুল গুলির তিন মাসের বকেয়া মেটেনি। সেপ্টেম্বরেও টাকা না এলে বহু বিদ্যালয়ে মিড-ডে মিল পরিষেবা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। শিক্ষকরা দ্রুত বকেয়া মিটিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার দাবি জানিয়েছে।
Mid-Day Meal
ধূপগুড়িতে তিন মাস বন্ধ মিড-ডে মিলের বরাদ্দ, দুশ্চিন্তায় শিক্ষকরা
×
Comments :0