Falta Re Election

জাহাঙ্গীরহীন ফলতায় স্বতস্ফূর্ত ভোট মানুষের

রাজ্য জেলা

অনিল কুণ্ডু 


তৃণমূলের দুর্বৃত্তহীন ফলতার পুনর্নির্বাচনে বৃহস্পতিবার স্বতস্ফূর্তভাবে ভোট দিলেন সাধারণ মানুষ। ভোট দিতে না পারার যন্ত্রণার অবসান হওয়ায় এদিন আনন্দ উচ্ছ্বাস ছিল ভোটারদের চোখে মুখে। ভোট দিয়ে হাসিমুখে বাড়ি ফিরেছেন ভোটাররা। তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান এই নির্বাচন থেকে শেষ মুহুর্তে সরে দাঁড়ালেও ভোট যন্ত্রে তিনি প্রার্থী ছিলেন। ভোট গ্রহণ কেন্দ্রের ভিতরে ছিল না তৃণমূলের কোনও পোলিং এজেন্ট। দেখা মেলেনি বাইরে তৃণমূলের কোনও বুথ ক্যাম্প। তালাবন্ধ ছিল তৃণমূলের দলীয় কার্যালয়। ছিল না তৃণমূলের বাহিনীর ভোটারদের হুমকি, বাইক বাহিনীর দৌরাত্ম। বহু বছর পর ভয়হীন ভোট দেখলো ফলতা।রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর নজরদারিতে ফলতার পুনর্নির্বাচন হয়েছে অবাধ ও শান্তিপূর্ণ। ফলতা বিধানসভা কেন্দ্রের পুনর্নির্বাচনে বিকেল ৫ টা পর্যন্ত ৮৬.১১ শতাংশ ভোট পড়েছে।
সকাল থেকে স্বতস্ফূর্তভাবে ভোট গ্রহণ কেন্দ্র গুলিতে ভোট দিতে হাজির হয়েছিলেন ভোটাররা। কেউ ১৩ বছর পর কেউ ১০ বছর পর এদিন নিজের ভোট নিজে দিলেন। স্থানীয় বাসিন্দা বিদ্যুৎ দপ্তরের অবসরপ্রাপ্ত কর্মী নিমাই নস্কর ভোট দেওয়ার পর বললেন, "১০ বছর পর ভোট দিলাম। ৫ বছর এলাকা ছাড়া ছিলাম।" তাঁর মতো অনেকেই এদিন উৎসবের মেজাজে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের পর গোটা ফলতা বিধানসভা কেন্দ্র জুড়ে জাহাঙ্গীর খান ও তাঁর লুটেরা বাহিনীর সন্ত্রাসের তিক্ত অভিজ্ঞতা ও ভোট দিতে না পারার যন্ত্রণার কথা জানিয়েছেন। ভয় কাটিয়ে সকাল থেকে বুথমুখী হয়েছেন সাধারণ মানুষ। স্বস্তিতে ভোট দিয়েছেন তাঁরা। 
গত ২৯ এপ্রিল ফলতা বিধানসভা কেন্দ্রের নির্বাচনে তৃণমূলের সন্ত্রাস, ভোটারদের হুমকি, ভোট দিতে বাধা, বেশ কয়েকটি বুথে ভোটযন্ত্রে বিরোধী প্রার্থীদের নাম ব্ল্যাক টেপ দিয়ে ঢেকে দেওয়ার অভিযোগে ভোট বাতিল করে পুনর্নির্বাচন করার সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। এদিন ফলতা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের ভোট গ্রহণ কেন্দ্রের বাইরে রাণা মন্ডল নামে এক তৃণমূল কর্মীকে চিহ্নিত করে ভোটাররা তাঁর বিরুদ্ধে সন্ত্রাস, হুমকি, ভোট দানে বাধা দেওয়ার অভিযোগ তুলে বলেন, আমাদের ভয় দেখাতো। ওই তৃণমূল কর্মী ভোট দিয়ে দ্রুত চম্পট দেয়। এরপরই ফলতা থানার পুলিশ কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে তাঁর বাড়িতে চিরুনী তল্লাশি চালায়। যদিও তাঁর খোঁজ পাওয়া যায়নি। 
নির্বাচনে তৃণমূলের বাহিনী না থাকলেও বেশ কয়েকটি বুথে বিরোধী সমর্থকদের ভয় দেখানো, ভোট দানে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। সিপিআই(এম) প্রার্থী শম্ভুনাথ কুর্মী এবিষয়ে এদিন রিটার্নিং অফিসারের কাছে লিখিত অভিযোগ করেছেন। তিনি জানান, ১৯, ১৯এ, ২৭, ২৮, ২৯ বুথে এই ঘটনা ঘটেছে। এছাড়াও ২০ নম্বর বুথ এলাকায় কয়েকজন স্থানীয় বাসিন্দার বাড়িতে তল্লাশির নামে ভয় দেখানোর অভিযোগ করেছেন পুলিশের বিরুদ্ধে।

Comments :0

Login to leave a comment