প্রথম দফার ভোটের প্রচার শেষ। নির্বাচন কমিশনের খাতায় যারা ‘‘নটোরিয়াস ক্রিমিনাল’’ তারা ভোটের আগেই গ্রেপ্তার হবে এই খবর এখন কোচবিহার জেলা জুড়ে মুখ্য আলোচ্য বিষয়। এই তালিকায় সবার ওপরে রয়েছে উদয়ন গুহ ও পরেশ চন্দ্র অধিকারীর নাম। দুজনেই তৃণমুলের হয়ে দিনহাটা ও মেখলিগঞ্জ কেন্দ্র থেকে ভোটে লড়ছেন। আশঙ্কায় ভুগছেন দুই প্রার্থী ও তাঁর অনুগামীরা।
নটোরিয়াস ক্রিমিনালেরা নির্বাচন কমিশনের ‘‘রাডারের’’ আওতার ভয়ে যখন হাইকোর্ট পর্যন্ত ছুটেছেন তখন কিন্তু নির্বাচন কমিশনের নজরে নেই রাজগঞ্জের সেই কীর্তিমান বিডিও প্রশান্ত বর্মন! সোনার কারিগর স্বপন কামিল্যা খুনের প্রধান আসামী প্রশান্ত বর্মনকে ২০২৫ সালে কলকাত হাইকোর্ট আগাম জামিনের আবেদন নামঞ্জুর করে ৭২ ঘন্টার মধ্যে আত্মসমর্পনের নির্দেশ দিলেও সেই বিডিও অধরা! অথচ স্পষ্ট বলা আছে সারা রাজ্যে চার হাজার জামিন অযোগ্য ধারায় অভিযুক্ত রয়েছে। তাদের প্রথম দফা নির্বাচনের আগে থানায় আত্মসমর্পন করতে হবে না হলে পুলিশ গিয়ে তুলে আনবে। প্রশ্ন উঠছে কেন ছাড় পাবে অভিযুক্ত বিডিও?
অথচ নির্বাচন কমিশন স্পষ্ট বলেছে, ভোটে প্রভাব খাটাতে পারে তাদের নোটিশ দেওয়া হচ্ছে। গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া আসামীদের লক-আপে পোরা হচ্ছে। অথচ প্রভাবশালী খুনের প্রধান অভিযুক্ত বিডিও প্রশান্ত বর্মন গ্রেপ্তার না হওয়ায় নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। এদিকে প্রশাসন সূত্রে জানানো হয়েছে নিরাপত্তার কারণে মঙ্গলবার থেকে চ্যাংরাবান্ধা সহ উত্তরবঙ্গের সব স্থল বানিজ্যকেন্দ্র বন্ধ থাকবে ভোটের দিন পর্যন্ত। সোমবার থেকে একই কারণে ভুটান গেট বন্ধ করা হয়েছে। নাকা চেকিং বাড়ানো হয়েছে কোচবিহার ও আসাম সীমান্তেও। বিএসএফ বাংলাদেশ সীমান্তে প্রহরায় কড়াকড়ি করেছে।
নির্বাচন কমিশনের সূত্রে জানানো হয়েছে প্রথম দফায় ভোটে কোচবিহার জেলার ৯ টি আসনে মোট ৯৮ জন প্রার্থী রয়েছে। মোট ভোট কেন্দ্রের সংখ্যা ২৫৩৭টি। এর মধ্যে স্পর্শকাতর বুথ হিসেবে চিহ্নিত করা হয়েছে ৬০০টি বুথকে। ভোটে মোট ১৪৬ কোম্পানী কেন্দ্রীয় বাহিনী সুরক্ষার দায়িত্বে থাকবে। সুপার সেন্সেটিভ বুথে অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা থাকবে বলে জানানো হয়েছে। কোচবিহারের জেলাশাসক তথা জেলা নির্বাচনী আধিকারিক জিতেন যাদব এবং জেলা পুলিশ সুপার যশপ্রীত সিংহ ভোট শান্তিপূর্ণ করার আশ্বাস দিয়েছেন। ভোটের আগের দিন বা ভোটের দিন কোন ভোটারের অসুবিধে হলে সরাসরি ফোন করতে অনুরোধ করা হয়েছে।
মদের দোকানের পর বাইক চলাচলের উপরও কঠোর বিধিনিষেধ জারি করেছে নির্বাচন কমিশন। প্রথম দফা ভোটের দু দিন আগে বাইক নিয়ে বিশেষ নির্দেশিকা দেওয়া হল নির্বাচন কমিশনের তরফে। বলা হয়েছে, কোনও বাইক র্যা লি করা যাবে না। সন্ধ্যা ৬টা থেকে পরের দিন সকাল ৬টা পর্যন্ত বাইক নিয়ে রাস্তায় বের হওয়া সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এই সময়ের মধ্যে কোনও ব্যক্তি যদি অকারণে বাইক নিয়ে রাস্তায় বের হন, তাহলে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তবে জরুরি প্রয়োজন যেমন হাসপাতালে যাওয়া বা সন্তানকে স্কুল নিয়ে যাওয়ার কাজে বাইক নিয়ে বের হওয়া যাবে। কিন্তু সেই ক্ষেত্রেও প্রমাণ দেখাতে হবে। নির্দেশিকায় আরও বলা হয়েছে প্রয়োজন ছাড়া বাইকের পিছনে কাউকে বসানো যাবে না। ভোটের দিনে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শুধুমাত্র পারিবারিক প্রয়োজনে মোটরসাইকেলের পিছনে আরোহীকে বসানোর অনুমতি দেওয়া হয়েছে। বিশেষ করে ভোটদানে যাওয়ার ক্ষেত্রে এই ছাড় দেওয়া হয়েছে। এই নিয়ম কঠোরভাবে মানার নির্দেশ দেওয়া হয়েছে। বিধিনিষেধ কার্যকর করতে প্রশাসনকেও বিশেষভাবে সক্রিয় থাকতে বলা হয়েছে। মূলত বাইক বাহিনীর দাপট রুখতে এবং ভোটারদের নিরাপত্তা সুনিশ্চিত করতে এই নির্দেশিকা জারি করা হয়েছে।
এদিকে নির্বাচন কমিশন সূত্রেই জানা গেছে, সোমবার প্রকাশিত কোচবিহার জেলার ৯ আসনে মোট বৈধ ভোটারের সংখ্যা ২২ লক্ষ ৬৩ হাজার ৭৭১ জন। যেসব বিধানসভা এলাকায় ভোটার কমেছে তার মধ্যে রয়েছে কোচবিহার উত্তর, কোচবিহার দক্ষিণ, সিতাই ও দিনহাটা।
উল্লেখ্য এসআইআর শুরুর আগে জেলায় মোট ভোটার ছিল ২৪ লক্ষ ৯০ হাজার ৭৮৯ জন। এসআইআরের পর মৃত, স্থানান্তরিত ও নিখোঁজ ভোটার হয় ১ লক্ষ ২১ হাজার ৭৯৬ জন। বিবেচনাধীন ১ লক্ষ ২০ হাজার ৭২৫ জন। সব মিলিয়ে সংখ্যাটা ২ লক্ষ ৪২ হাজার ৫২১ জন।
উত্তর বিধানসভা কেন্দ্রে ভোটার কমেছে প্রায় ৯ হাজার। দক্ষিণ বিধানসভা কেন্দ্রে ভোটার কমেছে প্রায় সাড়ে ৯ হাজার। সিতাই কেন্দ্রে ভোটার কমেছে প্রায় ৪ হাজার। দিনহাটা কেন্দ্রে ভোটার কমেছে প্রায় সাড়ে ১১ হাজার।
Elections Cooch Behar
গ্রেপ্তার হয়নি প্রশান্ত বর্মন, দাগিরা গ্রেপ্তার হবে কি প্রশ্ন কোচবিহারে
×
Comments :0