Mumbai North Election Debate

মুম্বাই নর্থ ঘিরে বিতর্ক ঘোরালো, ভোটদানের নথি জনসমক্ষেই আনেনি কমিশন!

জাতীয়

মুম্বাই নর্থ কেন্দ্রে সাংসদ কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গয়াল।

কতজন ভোটদাতা ভোট কেন্দ্রে প্রবেশ করেছে সেই তথ্য জনসমক্ষে পেশ করেনি নির্বাচন কমিশন। অথচ ভোটের হিসেবে গরমিলের অভিযোগকে ‘অসত্য’ বলছে সেই কমিশনই।
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, মহারাষ্ট্রের মুম্বাই নর্থ সংসদীয় কেন্দ্র ঘিরে এবার উঠল এই নতুন অভিযোগ। 
‘রিপোর্টার্স কালেকটিভ’ নির্বাচন কমিশনের অভ্যন্তরীণ নথি পরীক্ষা করে মহারাষ্ট্র, হরিয়ানার মতো রাজ্যে একগুচ্ছ আসনে গণনায় গরমিলের অভিযোগ তুলে প্রকাশ করে প্রতিবেদন। বিধানসভা এবং লোকসভা কেন্দ্র ঘিরে উঠেছে অভিযোগ। তার মধ্যে রয়েছে মুম্বাই নর্থ সংসদীয় কেন্দ্র। ২০২৪ সালে এই কেন্দ্র থেকেই জয়ী হন কেন্দ্রের মন্ত্রী এবং বিজেপি নেতা পীযূষ গয়াল। 
‘রিপোর্টার্স কালেকটিভ’ প্রকাশিত তথ্যে বলা হয় মোট ১৮.১১ লক্ষ ভোট পড়েছিল। কিন্তু গণনা হয় মাত্র ১০.৩৩ লক্ষ ভোট। ৭.৭৮ লক্ষ ভোট গোনাই হয়নি। এই ভোটে ৩ লক্ষ ৫৭ হাজারের কিছু বেশি ভোটে জয়ী হন গয়াল। কিন্তু ব্যবধানের দ্বিগুনের বেশি ভোট গোনাই হয়নি।
নির্বাচন কমিশন মুম্বাই নর্থ কেন্দ্র নিয়েই সোশাল মিডিয়ায় ছড়ানো তথ্য অসত্য বলে দাবি করে। কমিশনের তথ্যে বলা হয়েছে যে মোট ভোটদাতার সংখ্যা ১৮ লক্ষ ১২ হাজার ১১৫। তার মধ্যে ভোট দিয়েছে ১০ লক্ষ ৩৬ হাজার ৪৯৬। গণনা হয়েছে ১০ লক্ষ ৩৫ হাজার ৭৩১ ভোট। ইভিএম পরীক্ষার জন্য ভোট নিয়ম অনুযায়ী গোনা হয়নি।  
বৃহস্পতিবার ‘রিপোর্টার্স কালেকটিভ’-র পক্ষে অন্যতম প্রতিবেদক সুমেধা মিত্তল এক্স-এ পালটা পোস্ট করেছেন। কমিশনকে উদ্দেশ্য করে তিনি বলেছেন, কত ভোট গোনা হয়েছে সেই তথ্য দেওয়া হলেও কতজন ভোট দিয়েছেন জনসমক্ষে তা প্রকাশ করা হয়নি। কেননা ১৭-সি ফর্মের তথ্য জনতাকে জানানোই হয়নি। এই ফর্মে প্রতিটি বুথে রাজনৈতিক দলগুলির এজেন্টরা সই করেন। মোট ভোট এই ফর্মে উল্লেখ থাকে। 
লক্ষ্যণীয় ২০২৪’র ভোটের সময় কমিশনের সঙ্গে একাধিক দফায় এই ১৭-সি ফর্ম আপলোড করার দাবিতে চিঠি দেয় বিরোধীরা। এই ফর্ম আপলোড করতে নারাজ ছিল কমিশন। বহু চাপাচাপিতেও সব তথ্য প্রকাশ করা হয়নি। 
রিপোর্টার্স কালেকটিভের বক্তব্য ভোটদানের নথি ধরা থাকে ১৭-এ ফর্মে। যাকে বলা হয় রেজিস্টার অব ভোট। এই নথি তৈরি হয় বুথ থেকে আসা ১৭-সি ফর্মের ভিত্তিতে। প্রতিটি নির্বাচনী কেন্দ্রের রিটার্নিং অফিসারদের কাছে এই নথি থাকে। তার উল্লেখ করেই পেশ করা হয়েছে ভোটদান এবং ভোট গণনায় গরমিলের খতিয়ান। 
সুমেধা নির্বাচন কমিশনকে উদ্দেশ্য করে পোস্টে বলেছেন যে তাঁদের গোপনে নিজেদের সংগ্রহ করা তথ্য জমা দিতে বলা হয়েছিল। আরও বলেছেন, ফর্ম-সি রাজনৈতিক দলের এজেন্টদের দেওয়া হয় বলে কমিশন দাবি করেছে। কিন্তু ২০১৯ থেকে এই তথ্য জনসমক্ষে পেশ করা বন্ধ করা হয়েছে। ১৭-সি ফর্মের তথ্য পেশ করার জন্য সুপ্রিম কোর্টে মামলাও হয়েছে। সেই মামলায় কমিশন বলেছে যে রাজনৈতিক দলের এজেন্ট বাদে জনতাকে তথ্য দেওয়ার আইনি বাধ্যবাধকতা নেই। 
রিপোর্টার্স কালেকটিভ যদিও কেবল মুম্বাই নর্থ কেন্দ্র নিয়ে সমীক্ষা করেনি। তাদের প্রতিবেদনে বলা হয় যে মহারাষ্ট্র, হরিয়ানা এবং জম্মু-কাশ্মীরের ২০২৪ সালের বিধানসভা ও লোকসভা নির্বাচনের মোট ৫৩০টি কেন্দ্রের তথ্য বিশ্লেষণ করা হয়েছে। ৫১টি কেন্দ্রে ভোটের হিসাব যাচাই করার ক্ষেত্রে নির্বাচন কমিশনের নথিতে গুরুতর সমস্যা রয়েছে। এর মধ্যে ১৯টি কেন্দ্রে কতজন ভোটার বুথে প্রবেশ করে ভোট দিয়েছেন, সেই সংখ্যাই নথিভুক্ত করা হয়নি। সংশ্লিষ্ট নির্বাচনী আধিকারিকরা ভোটারের সংখ্যা যেখানে লেখার কথা, সেখানে শূন্য লিখেছেন। এই ১৯টি কেন্দ্রের মধ্যে ১০টি মহারাষ্ট্র ও হরিয়ানার। তার মধ্যে সাতটি আসনে জয়ী হয়েছে বিজেপি অথবা জোট শরিকরা।

Comments :0

Login to leave a comment