শিয়ালদহ-হাসনাবাদ শাখার ভ্যাবলা হল্ট স্টেশন সংলগ্ন রেললাইনে ফাটল দেখা দেওয়ায় বৃহস্পতিবার সকালে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। সকাল ৭টা থেকে ওই শাখায় ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েন নিত্যযাত্রীরা। রেললাইনের ফাটল সময়মতো নজরে আসায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল যাত্রীবাহী ট্রেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সকালে এক ব্যক্তি ঘুম থেকে উঠে রেললাইনের উপর দিয়ে ট্রেন যাওয়ার সময় অস্বাভাবিক শব্দ শুনতে পান। ট্রেনের দু’টি বগি পার হওয়ার পরই বিষয়টি তার নজরে আসে। কাছে গিয়ে তিনি দেখতে পান, রেললাইনে ফাটল তৈরি হয়েছে। বিষয়টি বুঝতে পেরে দ্রুত রেলদপ্তরে খবর দেওয়া হয়। খবর পেয়েই তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছান রেল দপ্তরের কর্মীরা ও জিআরপি। নিরাপত্তার স্বার্থে ট্রেন চলাচল বন্ধ রেখে যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় রেললাইনের ফাটল মেরামতির কাজ। এই ঘটনার জেরে সকাল থেকেই শিয়ালদহ-হাসনাবাদ শাখায় ট্রেন চলাচল ব্যাহত হওয়ায় সমস্যায় পড়েন কর্মসূত্রে ও অন্যান্য কাজে যাতায়াতকারী বহু মানুষ।
স্থানীয়দের আশঙ্কা, সময়মতো রেললাইনের ফাটল নজরে না এলে যাত্রীবাহী ট্রেন বড়সড় দুর্ঘটনার কবলে পড়তে পারতো। তবে কী কারণে রেললাইনে ফাটল দেখা দিল, তা এখনও স্পষ্ট নয়। মেরামতির কাজ শেষ করে দ্রুত ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়েছে।
Vabla halt station
ভ্যাবলা হল্ট স্টেশন সংলগ্ন রেললাইনে ফাটল, বিঘ্ন ট্রেন চলাচল
×
Comments :0