ডুয়ার্সের জঙ্গলমহলে ফের এক বড়সড় ট্রেন দুর্ঘটনা এড়াল লোকো পাইলটদের সতর্কতায়। চালকের সময়োপযোগী পদক্ষেপে এ যাত্রায় রক্ষা পেল একটি বুনো হাতি ও ট্রেনটির যাত্রীরা।
রেল সূত্রে জানা গেছে, বুধবার রাত ৭টা ৪০ মিনিট নাগাদ ১৫৬৬২ ডাউন কামাখ্যা-রাঁচি এক্সপ্রেস ডুয়ার্সের জঙ্গলঘেরা পথ ধরে নির্দিষ্ট গতিতেই এগোচ্ছিল। ট্রেনটি যখন নাগরাকাটা ও চালসার মধ্যবর্তী ৭১/৪-৩ কিমি পোস্টের কাছে পৌঁছায়, সেই সময় লোকো পাইলট শ্রী পি কে ভার্মা এবং অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট শ্রী আর বি সিং দেখতে পান যে রেললাইনের ওপর আচমকাই একটি বুনো হাতি চলে এসেছে এবং লাইনের ওপর দিয়েই হাঁটছে।
পরিস্থিতির গুরুত্ব বুঝে মুহূর্তের বিন্দুমাত্র দেরি না করে তাঁরা আপদকালীন ব্রেক কষেন এবং ট্রেনের গতি সম্পূর্ণ নিয়ন্ত্রণ করে সেটিকে থামিয়ে দেন। ট্রেনের হর্ন এবং আলোয় হাতিটি শান্তভাবে রেললাইন থেকে নেমে পাশেই গভীর জঙ্গলে চলে যায়। হাতিটি সম্পূর্ণ নিরাপদ দূরত্বে সরে যাওয়ার পর ট্রেনটি ফের গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করে।
ডুয়ার্সের জঙ্গলপথ বরাবর ট্রেনের ধাক্কায় বন্যপ্রাণী মৃত্যুর ঘটনা প্রায়শই পরিবেশপ্রেমীদের উৎকণ্ঠার কারণ হয়ে দাঁড়ায়। তবে এদিনের এই ঘটনায় চালকদের এমন দায়িত্বশীল ও মানবিক ভূমিকা ডুয়ার্সের বন্যপ্রাণীপ্রেমী মহল থেকে শুরু করে রেলকর্মী ও আধিকারিকদের মধ্যেও স্বস্তি ও খুশির হাওয়া এনেছে। সকলের একটাই মত, চালকদের এই দ্রুত সিদ্ধান্ত না নিলে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারত।
Elephants
ডুয়ার্সে রেললাইনে হাতি, চালকদের তৎপরতায় রক্ষা পেল বন্যপ্রাণ ও কামাখ্যা-রাঁচি এক্সপ্রেস
×
Comments :0