শীতলখুচি পঞ্চায়েত সমিতির একটি আস্ত উদ্যান এখন দুই বিজেপি নেতার ছেলের দখলে। তারাই রীতিমত গেরুয়া রঙের টিকিট ছাপিয়ে প্রবেশ মূল্য হিসেবে মাথাপিছু ৩০ টাকা করে আদায় করছে! শুধু তাই নয় উদ্যানে প্রবেশের আগে দর্শনার্থীদের বাইক পিছু অতিরিক্ত ১০ টাকা এবং গাড়ি পিছু ৫০ টাকা করে দিতে হচ্ছে দুই নেতার ছেলেদের। শীতলখুচির বিডিও নাকি এসব কিছুই জানেন না!
কৃষকসভার জেলা সভাপতি আকিক হাসান রবিবার বলেন, আমি নিজে বিডিওকে ফোন করে এ বিষয়ে জানতে চাইলে তিনি জানিয়েছেন, ‘‘এরকম কিছু আমি জানি না। খোঁজ নিয়ে দেখতে হবে।’’ বিডিও অফিস সূত্রের খবর সামাদ মিয়া নামে এক ব্যক্তি ২০২৫ সালের ৬ মে বিডিও অফিসে বার্ষিক ২ লক্ষ ৫০ হাজার ১০ টাকা জমা দিয়ে উদ্যানের লীজ নিয়েছিলেন। এদিন সামাদ মিয়া বলেন আমার লিজের মেয়াদ শেষ হবার পর ওটা কে চালাচ্ছে আমি জানি না। অভিযোগ রাজ্যে পালাবদলের পর এলাকার বিজেপি নেতা যামিনী বর্মন এবং সাহিদার রহমানের ছেলে পঞ্চায়েত সমিতির কোন অনুমতি ছাড়াই সরকারি উদ্যান দখল করে মাথাপিছু ৩০ টাকা করে ‘এন্ট্রি ফি’ তুলছে! এমনকি বাইক ও গাড়ি পার্কিংয়ের জন্য আলাদা টাকা দিতে হচ্ছে। খোঁজ নিয়ে জানা গেছে সাহিদার রহমান বিজেপির ৬নং মন্ডল সহ সভাপিত এবং লাল বাজার কোর কমিটির অন্যদিকে যামিনী বর্মন লালবাজার গ্রাম পঞ্চায়েত এলাকার বিজেপির ২৮৭ নাম্বার বুথ সভাপতি! গেরুয়া রঙের টিকিট ছাপিয়ে যে প্রবেশ মূল্য আদায় করা হচ্ছে তাতে শীতলখুচি পঞ্চায়েত সমিতির নাম বা কোন সীলমোহর নেই। পুরো পদ্ধতিই বেআইনী সেটা স্পষ্ট ওই গেরুয়া টিকিটেই।
উল্লেখ্য প্রতিদিন এই উদ্যানে ২৫০ থেকে ৩০০ জন আসেন। শীতকালে পিকনিকের জন্য আসে প্রচুর গ্রুপ। আকিক হাসান রবিবার সাংবাদিকদের বলেন, ‘‘পঞ্চায়েত সমিতির অধীনে থাকা উদ্যান কি করে তাদের অনুমতি ছাড়া বিজেপির নেতার ছেলেরা পরিচালনা করে প্রতিদিন টাকা তুলছে। এর তদন্ত হওয়া উচিত। এবং যারা এইসব কাজ করছে তাদের থেকে আদায়কৃত অর্থ ফেরত নিয়ে পঞ্চায়েত সমিতির ফান্ডে জমা করুক প্রশাসন।’’
এই উদ্যানে ঘুরতে আসা অনিল সরকার রবিবার বলেন, আমি পরিবারের ৪ জনকে নিয়ে উদ্যানে ঘুরতে এসেছিলাম। প্রত্যেকের জন্য ৩০ টাকার টিকিট কাটতে হয়েছে এবং গাড়ি পার্কিংয়ের জন্য অতিরিক্ত ৫০ টাকা দিয়েছি। আমি তো জানতাম এটা পঞ্চায়েত সমিতি দেখভাল করে। এখন কি হচ্ছে জানি না। তবে কান্তেশ্বর রাজার ঐতিহাসিক গড়কে ঘিরে যে উদ্যান হয়েছে সেটাকে আরো তথ্য সমৃদ্ধ করলে এটা শুধু ঘোরার জায়গা নয়, এটা অনায়াসে ইতিহাস জানার কেন্দ্র হয়ে উঠতে পারে।
Sitalkuchi Panchayat Samiti
বিজেপি নেতার ছেলের দখলে শীতলখুচি পঞ্চায়েত সমিতির উদ্যান
×
Comments :0