অঙ্গনওয়াড়ি কর্মীর মৃত্যুকে কেন্দ্র করে বাগনান ২ নম্বর ব্লকে উত্তেজনা ছড়াল। চাইল্ড ডেভেলপমেন্ট প্রোজেক্ট অফিসার (সিডিপিও) এবং এক সুপারভাইজারের বিরুদ্ধে মানসিক চাপ ও নির্যাতনের অভিযোগ তুলে বুধবার বিক্ষোভ দেখালেন অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়করা। অভিযুক্ত দুই পদাধিকারীর বদলির দাবিতে বিডিওর কাছে লিখিত অভিযোগও জমা দিয়েছেন তাঁরা। অভিযোগ খতিয়ে দেখে তদন্তের আশ্বাস দিয়েছেন উলুবেড়িয়ার মহকুমা শাসক সোহম টিবরেওয়াল।
অঙ্গনওয়াড়ি কর্মীদের সূত্রে জানা গিয়েছে, শম্পা সিংহ রায় নামে এক কর্মী সোমবার গাড়ি থেকে পড়ে যান। তাঁকে কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার সকালে সেখানেই তাঁর মৃত্যু হয়। এই খবর ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়েন বাগনান ২ নম্বর ব্লকের অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়করা। বুধবার দুপুরে শতাধিক মহিলা সিডিপিও অফিসে জড়ো হয়ে বিক্ষোভ দেখান। তাঁদের অভিযোগ, শম্পা সিংহ রায় দীর্ঘদিন ধরে দপ্তরের পদাধিকারীদের মানসিক চাপের শিকার হচ্ছিলেন। সেই চাপের জেরেই তাঁর মৃত্যু হয়েছে বলে দাবি বিক্ষোভকারীদের। শুধু শম্পা নন, ব্লকের অন্যান্য অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়করাও বিভিন্ন সময়ে সিডিপিও এবং সুপারভাইজারের কাছ থেকে মানসিক নির্যাতনের শিকার হচ্ছেন বলে অভিযোগ তাঁদের।
বিক্ষোভকারীদের দাবি, অবিলম্বে অভিযুক্ত সিডিপিও ও সুপারভাইজারকে বদলি করতে হবে। তাঁদের কথায়, এই পরিস্থিতিতে কাজ করতে গিয়ে কর্মীরাও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ছেন। দ্রুত ব্যবস্থা না নিলে আরও অনেকে অসুস্থ হয়ে পড়তে পারেন।
এক অঙ্গনওয়াড়ি কর্মী মিতা সিনহা অভিযোগ করেছেন যে, অফিসের আইসিডিএস সুপারভাইজার ও সিডিপিও-র লাগাতার মানসিক নির্যাতন, শোকজ নোটিশ এবং জোরপূর্বক অন্য সেন্টারে বদলির জেরেই তাঁদের সহকর্মী শম্পা সিংহ রায়ের মৃত্যু হয়েছে। ছয় মাস আগে সহায়িকা থেকে কর্মী পদে উন্নীত হওয়া শম্পা দেবীকে কাজ বুঝে ওঠার আগেই জোর করে বদলি করা হয়। নতুন সেন্টারে গিয়ে অপমানিত বোধ করে তিনি কাঁদতে কাঁদতে অফিসে আসেন এবং চরম মানসিক অস্থিরতার মধ্যে ট্রেকারে করে যাওয়ার সময় ভারসাম্য হারিয়ে পড়ে যান। মাথায় গুরুতর চোট ও ব্রেন স্ট্রোক হওয়ার পর পটলডাঙা ও উলুবেড়িয়া হয়ে কলকাতার পিজি হাসপাতালে নিয়ে যাওয়া হলে গতকাল তাঁর মৃত্যু হয়। মিতা দেবীর আরও অভিযোগ, আধিকারিকরা প্রতিদিন কর্মীদের শোকজ নোটিশ ধরান এবং তাঁদের বেতন বৃদ্ধির খবর পাড়ায় প্রচার করে স্থানীয় মানুষকে কর্মীদের বিরুদ্ধে ক্ষেপিয়ে তোলেন।
এ বিষয়ে সিডিপিওর বক্তব্য জানা যায়নি। বিডিওর সঙ্গেও যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর প্রতিক্রিয়া মেলেনি। উলুবেড়িয়ার মহকুমা শাসক সোহম টিবরেওয়াল বলেন, এমন অভিযোগের কথা তিনি শুনেছেন। বিষয়টি নিয়ে তদন্ত করা হবে।
death of an Anganwadi worker
অঙ্গনওয়াড়ি কর্মীর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা বাগনানে
×
Comments :0