বিধানসভা নির্বাচন শেষ, রাজ্যে পালা বদলের পর নতুন সরকার গঠন হওয়ার পর কাজকর্মও শুরু হয়ে গেছে। কিন্তু ভোটের চড়া রোদ কমলেও ডুয়ার্সের পর্যটন ব্যবসায় মায়াবী বসন্তের দেখা নেই। ভরা গ্রীষ্মের ছুটিতে যেখানে ডুয়ার্সের নদী, পাহাড় আর জঙ্গলে পর্যটকদের ভিড় উপচে পড়ার কথা, সেখানে চাতক পাখির মতো উত্তরবঙ্গের পর্যটন ব্যবসায়ীরা পর্যটকদের পথ চেয়ে বসে আছেন। মন্দা কাটাতে এবার পর্যটকদের ডুয়ার্সে আসার জন্য আন্তরিক আহ্বান জানাচ্ছেন। একই সঙ্গে ব্যবসায়ীরা ডুয়ার্সে পর্যটকদের যাতায়াত সুগম করতে নতুন সরকারের কাছে বিশেষ ট্রেনের দাবিও তুলতে চলেছেন।
উলেখ্য, ভোটের আবহে পাহাড়-জঙ্গলে ঘেরা ডুয়ার্সে পর্যটকদের আনাগোনা কার্যত তলানিতে ঠেকেছিল। ব্যবসায়ী মহলের আশা ছিল, ভোটের ফলাফল ঘোষণার পর গ্রীষ্মের ছুটিতে হয়তো পর্যটন কেন্দ্র গুলি চেনা ছন্দে ফিরবে।কিন্তু ফলাফল প্রকাশের পর ১৫ দিন কেটে গেলেও ডুয়ার্সের রিসোর্ট বা হোটেল গুলিতে বুকিংয়ের হার অত্যন্ত হতাশাজনক।
এই মন্দা কাটাতে এবং পর্যটকদের আশ্বস্ত করতেই এবার যৌথভাবে ময়দানে নামছেন ব্যবসায়ীরা। ডুয়ার্সের পাহাড়,নদী, জঙ্গল ও বন্যপ্রাণীর টানে মানুষ যাতে আবারও এখানে ছুটে আসেন, তার জন্য প্রচার শুরু করা হচ্ছে। একই সঙ্গে দূর-দূরান্তের পর্যটকদের যাতায়াত আরও সুগম করতে নতুন সরকারের কাছে ডুয়ার্স রুটে স্পেশাল ট্রেনের দাবিও তুলেছেন। ডুয়ার্সের লাটাগুড়ি রিসোর্ট ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক দিব্যেন্দু দেব এই প্রসঙ্গে জানান, ‘‘বছরের এই সময়ে ডুয়ার্সে যেরকম পর্যটকদের ভিড় থাকার কথা, বর্তমানে তা একেবারেই নেই। সম্ভবত ভোট-পরবর্তী পরিস্থিতির কারণেই অনেকে এখনও বেড়ানোর পরিকল্পনা করতে দ্বিধা করছেন। তবে আমরা সমস্ত পর্যটকদের আশ্বস্ত করে আহ্বান জানাচ্ছি— আপনারা নিশ্চিন্তে ডুয়ার্সে আসুন এবং এখানকার অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করুন।’’
তিনি আরও যোগ করেন, ‘‘ডুয়ার্সে পর্যটনের পরিধি ও ব্যাপ্তি আরও বাড়াতে আমরা নবগঠিত সরকারের পর্যটন মন্ত্রীর সঙ্গে দ্রুত দেখা করব। বিভিন্ন পরিকাঠামোগত উন্নয়ন নিয়ে আলোচনার পাশাপাশি পর্যটকদের সুবিধার্থে একটি স্পেশাল ট্রেনের দাবিও আমরা সরকারের কাছে গুরুত্ব সহকারে জানাবো।’’
পাহাড় ও জঙ্গলের মেলবন্ধনে সেজে থাকা ডুয়ার্স এখন পর্যটকদের অপেক্ষায়। চাতক পাখির মতো চেয়ে থাকা পর্যটন ব্যবসায়ীরা আশা করছেন, সরকারের সদিচ্ছা এবং ইতিবাচক প্রচারে দ্রুত এই খরা কেটে আবারও ছন্দে ফিরবে ডুয়ার্সের পর্যটন অর্থনীতি।
Dooars Tourism
পর্যটকদের অপেক্ষায় ডুয়ার্স, বিশেষ ট্রেনের দাবি ব্যবসায়ীদের
×
Comments :0