যাত্রী তোলা নিয়ে বিবাদ, মারধরের অভিযোগ এবং তার জেরে টানা চারদিন ধরে ধূপগুড়ি–ডাউকিমারি–নাথুয়া রুটে বাস, ম্যাজিক, অটো-সহ ছোট গাড়ি চলাচল বন্ধ। দুই পক্ষই পুলিশের কাছে লিখিত অভিযোগ জানিয়েছে। অথচ এতদিনেও সমস্যার স্থায়ী সমাধানে প্রশাসনের তরফে কোনও ত্রিপাক্ষিক বৈঠকের উদ্যোগ হয়নি বলে অভিযোগ। ফলে পরিবহণ নিয়ে বিবাদের খেসারত সাধারণ যাত্রীদেরই দিতে হচ্ছে। অতিরিক্ত ভাড়া দিয়ে বিকল্প যানবাহনে সাধারণ মানুষ যাতায়াত করতে বাধ্য হচ্ছেন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত বৃহস্পতিবার যাত্রী তোলা নিয়ে ছোট গাড়ির চালক এবং টোটো চালকদের মধ্যে বিবাদ শুরু হয়। ছোট গাড়ির চালকদের অভিযোগ, নিয়ম মেনে গাড়ি চললেও টোটো চালকরা তাঁদের গাড়ির সামনে টোটো দাঁড় করিয়ে যাত্রী তুলে নিচ্ছেন। এতে বাস, অটো ও ম্যাজিক চালকদের ব্যবসায় ক্ষতি হচ্ছে। বিষয়টি নিয়ে প্রতিবাদ করতে গেলে কয়েকজন টোটোচালক তাঁদের মারধর করেন বলেও অভিযোগ। ঘটনার পর ছোট গাড়ির চালকেরা ধূপগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
পাল্টা টোটোচালকেরাও অভিযোগ করেছেন। তাঁদের দাবি, টোটোতে যাত্রী তুলতে বাধা দেওয়া হচ্ছে। ডাউকিমারি বাজারগামী কয়েকটি টোটোর চাকার হাওয়া ছেড়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ। এবিষয়ে ডাউকিমারি ফাঁড়িতে লিখিত অভিযোগ জানিয়েছেন তাঁরা। টোটো চালকদের আরও অভিযোগ, নির্দিষ্ট স্ট্যান্ডে দাঁড়িয়েও তাঁরা যাত্রী তুলতে পারছেন না। সেখানে জোর করে ছোট গাড়ি দাঁড় করিয়ে যাত্রী তোলা হচ্ছে।
দুই পক্ষের অভিযোগের সত্যতা যাচাই এবং পরিবহণ ব্যবস্থা স্বাভাবিক করার দায়িত্ব প্রশাসনের। কিন্তু অভিযোগ, চারদিন ধরে পরিস্থিতি জটিল হলেও কার্যকর মধ্যস্থতার কোনও ব্যবস্থা হয়নি। পুলিশের কাছে অভিযোগ দায়েরের পরও কেন দুই পক্ষকে নিয়ে আলোচনায় বসানো হয়নি, তা নিয়েই প্রশ্ন উঠছে।পরিবহণ ব্যবস্থার এই অচলাবস্থায় প্রশাসনের নজরদারি ও নিয়ন্ত্রণ ব্যবস্থার কার্যকারিতা নিয়েও প্রশ্ন তুলছেন যাত্রীরা।
সবচেয়ে বেশি নিত্যযাত্রী পড়ুয়া এবং কর্মজীবী মানুষ সমস্যায় পড়েছেন। রুটের স্বাভাবিক যান চলাচল বন্ধ থাকায় অনেকে বাধ্য হয়ে ঘুরপথে যাতায়াত করছেন। গুনতে হচ্ছে অতিরিক্ত ভাড়া। কয়েকদিন ধরে এই পরিস্থিতি চললেও প্রশাসনের তরফে দৃশ্যমান উদ্যোগ না থাকায় ক্ষোভ বাড়ছে।
এর মধ্যেই ছোটো গাড়ির চালকদের একাংশ দ্রুত সমাধান না হলে অনির্দিষ্টকালের জন্য গাড়ি চলাচল বন্ধ রাখার হুঁশিয়ারি দিয়েছেন। ফলে অচলাবস্থা আরও দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
যাত্রীদের প্রশ্ন, দুই পক্ষের অভিযোগ নিয়ে তদন্ত ও আলোচনার মাধ্যমে সমাধান করার জন্য আর কতদিন অপেক্ষা করতে হবে। অবিলম্বে প্রশাসনিক হস্তক্ষেপ করে বৈঠক ডেকে রুটে যান চলাচল স্বাভাবিক করার দাবি জানিয়েছেন।
Dhupguri
ধূপগুড়ি-নাথুয়া রুটে যান চলাচল বন্ধ চারদিন, দুর্ভোগে হাজার হাজার যাত্রী
×
Comments :0