Chopra Incident

পুরনো বিবাদকে কেন্দ্র করে বচসা, যুবকের মৃত্যু, চাঞ্চল্য চোপড়ায়

জেলা

উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার চিতলঘাটা এলাকায় পুরনো বিবাদকে কেন্দ্র করে মারাত্মক মারপিটের ঘটনায় এক যুবকের মৃত্যুকে ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত যুবকের নাম রাজাবুল হক(২৭)। রবিবার সন্ধ্যায় ঘটে যাওয়া এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি সামাল দিতে পুলিশকে হস্তক্ষেপ করতে হয়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাস্তায় বাইক রাখাকে কেন্দ্র করে প্রথমে বচসার সূত্রপাত হয়। সেই বচসা দ্রুতই তীব্র আকার ধারণ করে। অভিযোগ, মিরাজুল হকের নেতৃত্বে একদল ব্যক্তি লাঠি ও বাটাম নিয়ে রাজাবুল হকের উপর চড়াও হয়। এলোপাথাড়ি মারধরে গুরুতর জখম হন তিনি। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে দ্রুত চোপড়ার দলুয়া ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা তাঁকে ইসলামপুর মহকুমা হাসপাতালে স্থানান্তর করেন। কিন্তু হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
এই ঘটনাকে ঘিরে এলাকায় নানা জল্পনা তৈরি হয়েছে। স্থানীয়দের একাংশের দাবি, ঘটনাটি শুধুমাত্র সামান্য বচসার ফল নয়, এর নেপথ্যে অন্য কোনো কারণ থাকতে পারে। যদিও মৃতের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি সম্পূর্ণ পারিবারিক বিবাদের জেরেই ঘটেছে এবং এর সঙ্গে কোনো রাজনৈতিক যোগ নেই।
ওয়াকিবহাল মহলের মতে, চিতলঘাটা এলাকা দীর্ঘদিন ধরেই বালি খাদান ও ঘাট দখলকে কেন্দ্র করে অশান্তির জন্য পরিচিত। এলাকায় বালিমাফিয়াদের প্রভাবও উল্লেখযোগ্য বলে অভিযোগ রয়েছে। ফলে এই ঘটনায় সেই দখলদারির বিরোধ জড়িত থাকতে পারে বলেও অনেকেই সন্দেহ প্রকাশ করছেন। তবে এই বিষয়ে এখনও পর্যন্ত প্রশাসনের তরফে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি।
ঘটনার পরেই চোপড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তদন্ত শুরু করেছে। ইতিমধ্যেই কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর। দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন মৃতের পরিবার ও স্থানীয় বাসিন্দারা। পুরো ঘটনার তদন্ত করে প্রকৃত কারণ সামনে আনার আশ্বাস দিয়েছে পুলিশ।

Comments :0

Login to leave a comment