বকেয়া বেতনের দাবিতে উত্তর দমদম পৌরসভার গেটে তালা ঝোলালেন পৌরসভার অস্থায়ী এবং চুক্তি ভিত্তিক কর্মীরা।
শুক্রবার সকাল থেকেই পৌরসভার সামনে বিক্ষোভ দেখাতে থাকেন অস্থায়ী এবং চুক্তি ভিত্তিক কর্মীরা। পৌরসভার তিনটি গেটে তারা তালা লাগিয়ে দেন। উত্তর দমদম পৌরসভায় অস্থায়ী কর্মীর সংখ্যা প্রায় ১৫০০। কয়েক মাস তারা বেতন পাচ্ছেন না। তাদের দাবি সমকাজে সমবেতন, প্রতিমাসে সময় মতন অস্থায়ী কর্মীদের বেতন দিতে হবে।
আন্দোলনকারিদের দাবি অবিলম্বে চেয়ারম্যানকে পৌরসভার গেটে আসতে হবে এবং তাদের দাবি মানতে হবে। আন্দোলনকারিদের কথায়, তৃণমূল পরিচালতিত এই পৌরসভায় টাকা নয়ছয় করা হয় যার জন্য তারা সময় মতো বেতন পাচ্ছেন না।
আন্দোলনরত কর্মীদের কথায়, তাদের দিয়ে যেই কাজ করানো হচ্ছে তারা তার বদলে সঠিক বেতন পাচ্ছেন না। ক্ষোভের সাথে আন্দোলনকারিরা জানান, ‘আমাদের পেটে ভাত জুটবে না আর কাউন্সিলরা ঘরে এসি ঘরে বসে গল্প করবে আর চলবে না। আমাদের দাবি না মানা পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে।’
উত্তর দমদম পৌরসভা অস্থায়ী কর্মীদের এই আন্দোলনের পাশে এসে দাঁড়ায় উত্তর দমদম পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান সুনীল চক্রবর্তী, সিআইটিইউ উত্তর ২৪ পরগনা জেলা কমিটির অন্যতম নেতা শিবশঙ্কর ঘোষ এবং পৌর কর্মচারী ইউনিয়নের রাজ্য সভাপতি নিতাই দে। সিআইটিইউ’র পক্ষ থেকে তাদের এই আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে।
উল্লেখ্য বিভিন্ন কর্মসূচিতে এবং নির্বাচনে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকার সময় পৌরসভার এই অস্থায়ী এবং চুক্তি ভিত্তিক কর্মীদের ওপর চাপ তৈরি করে সমাবেশ, পদযাত্রায় নিয়ে যেতো। যদি কেউ না যেতেন তবে তাকে সাসপেন্ডও করা হয়েছে। শুধু উত্তর দমদম নয় গোটা রাজ্যের অতীতে এই চিত্র সব পৌরসভার ক্ষেত্রেই দেখা গিয়েছে।
North Dum Dum Municipality
বকেয়া বেতনের দাবিতে পৌরসভার গেটে তালা ঝোলালেন অস্থায়ী কর্মীরা
×
Comments :0