Hawker movement

উচ্ছেদ আটকাতে সোদপুরে রাত পাহারার পর সকালে মিছিল

রাজ্য জেলা

বিজেপি ক্ষমতায় আসার পর থেকে বিভিন্ন স্টেশনে হকার উচ্ছেদ শুরু হয়েছে। রেল কর্তৃপক্ষের তরফ থেকে নোটিশ করা হয়েছিল সোদপুর স্টেশনের যে সমস্ত হকার আছে তাদেরকে তুলে দেওয়া হবে বৃহস্পতিবার। সেই নোটিশ অনুযায়ী সিআইটিইউ অনুমোদিত রেলওয়ে হকার্স ইউনিয়নের পক্ষ থেকেই গতকাল রাতের থেকেই স্টেশন পাহারা দেওয়া শুরু হয়। সোদপুর স্টেশনে পশ্চিমবঙ্গ রেলওয়ে হকার্স ইউনিয়নের নেতৃত্ব সহ সোদপুর স্টেশনের হকার্সরা মিলে রাত জেগে তাদের দোকান পাহারা দেয় যাতে রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে আসা লোকজনেরা তাদের উচ্ছেদ করতে না পারে। 
এদিন সকাল ১০ টা থেকে সোদপুর স্টেশনের হকাররা বিক্ষোভ আন্দোলন শুরু করেন। এই আন্দোলনে উপস্থিত ছিলেন সিআইটিইউ নেত্রী গার্গী চ্যাটার্জি, কলতান দাশগুপ্ত, সিআইটিইউ নেতা ঝন্টু মজুমদার, সিপিআই(এম) উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির সদস্য অনির্বাণ ভট্টাচার্য এবং হকার্স আন্দোলনের রাজ্যের নেতৃত্ব রঞ্জিত সরকার, সিপিআই(এমএল) লিবারেশন এর জেলা সম্পাদক নবেন্দু দাশগুপ্ত সহ সোদপুর স্টেশনের হকার আন্দোলনের নেতৃত্ব বাপি কুশারী ও গোপাল কুন্ডু। 
দীর্ঘ সময় ধরে সোদপুর স্টেশন এর এক নম্বর প্লাটফর্মে হকাররা বিক্ষোভ দেখায়। তারপর সেখান থেকে মিছিল করে সোদপুর স্টেশন থেকে বেরিয়ে নীলগঞ্জ রোড হয়ে সোদপুর স্টেশনের সব কটি প্লাটফর্ম ঘুরে চার নম্বর প্লাটফর্মের পূর্ব দিকে মিছিল পরিক্রমা করে এক নম্বর প্লাটফর্মে স্টেশন ম্যানেজারের ঘরে সামনে এসে সেই মিছিল শেষ হয়। সেখান থেকে স্টেশন ম্যানেজারের সাথে দেখা করতে যান ছয়জনের একটি প্রতিনিধি দল। এই প্রতিনিধি দলে ছিলেন গার্গী চ্যাটার্জি, কলতান দাশগুপ্ত, অনির্বাণ ভট্টাচার্য, নব্যেন্দু দাশগুপ্ত, বাপি কুশারী এবং গোপাল কুন্ডু। তাদের বক্তব্য কোন রকমে পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ করা যাবে না। হকারদের লাইসেন্স দিতে হবে। প্রয়োজনে লাইসেন্সের দাবিতে রেলমন্ত্রীর সাথে দেখা করার কথা বলা হয়েছে নেতৃত্বের পক্ষ থেকে। 
সিআইটিইউ নেতৃত্ব বলে, সর্বত্র সব প্লাটফর্মে হকারদেরকে নিয়ে আন্দোলন গড়ে তুলে তাদের দাবি আদায় করে হকারদেরকে রক্ষা করার আন্দোলন চলবে এবং আগামী দিনে এই আন্দোলন আরও বৃহত্তর আকার নেবে। রেলের উন্নয়নের পক্ষে সংগঠন, কিন্তু তার সাথে এই হকারদের বিষয়ও কর্তৃপক্ষকে দেখতে হবে। গার্গী চ্যাটার্জি বলেন, ‘হকারদের বিষয়টি মানবিক দিক দিয়ে দেখতে হবে। উচ্ছেদ করে দিলে তাদের পরিবার গুলোর কী হবে সেই কথা ভাবতে হবে। তাই আমাদের দাবি হকারদের যেমন পুনর্বাসন ছাড়া উচ্ছেদ করা যাবে না, ঠিক তেমন ভাবে রেলের পক্ষ থেকে তাদের ব্যবসা করার জন্য লাইসেন্স দিতে হবে।’

Comments :0

Login to leave a comment