সোমবার রাতে গ্রেপ্তারির পর রাজগজ্ঞের অপসারিত বিডিও প্রশান্ত বর্মনকে বারাসাত আদালতে পেশ করলো ইকো পার্ক থানার পুলিশ। সোমবার রাতে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর সময় এক পথচারীকে ধাক্কা মারেন প্রশান্ত বর্মন। ধাক্কা মারার পরে ওই পথচারীর সঙ্গে একপ্রস্ত বচসা হয় প্রশান্তের। উল্লেখ্য স্বর্ণব্যবসায়ী খুনের মামলায় অভিযুক্ত প্রশান্ত। পুলিশের খাতায় এতোদিন তিনি ফেরার ছিলেন।
গতকাল রাতে যেখানে ঘটনাটি ঘটে, সেখান থেকে কিছুটা দূরে একটি স্কুটার দাঁড় করানো ছিল। ওই ব্যক্তি ছিটকে এসে ওই স্কুটার আরোহীর গায়ে গিয়ে পড়েন বলে অভিযোগ। ওই ব্যক্তির পায়ে চোট লেগেছে বলে জানা গিয়েছে। স্কুটার আরোহীই প্রশান্তের গাড়ি আটকান। পরে ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ।
আটক হওয়ার পর নিজের ক্ষমতা এবং প্রভাব খাটানোর চেষ্টা করেন প্রশান্ত বর্মন। পুলিশের পক্ষ থেকে জানানো হয় প্রশান্ত অসংলগ্ন আচরণ করছিলেন। তার সাথে তিনি অস্বীকার করেন ব্রেথলাইজার পরীক্ষা করার।
এদিন সকালে প্রশান্তকে যখন থানা থেকে আদালতে নিয়ে যাওয়া হচ্ছিল তখন রাস্তায় বিক্ষোভ দেখায় সাধারণ মানুষজন। মুখ ঢেকে গাড়িতে তোলা হয় প্রশান্তকে। জানানো হয়েছে, মটোর ভেহিকলস অ্যাক্টে তাকে আটক করা হলেও স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় তাকে হেপাজতে নেওয়ার আবেদন জানানো হতে পারে পুলিশের পক্ষ থেকে।
Comments :0