Madhya Pradesh

বিজেপি শাসিত মধ্য প্রদেশে নতুন দুর্নীতি, ভুয়ো অ্যাকাউন্ট খুলে আত্মসাৎ স্কলারশিপের টাকা

জাতীয়

পড়ুয়াদের স্কলারশিপের টাকা নিয়ে এবার দুর্নীতির অভিযোগ সামনে এলো বিজেপি শাসিত মধ্য প্রদেশে। প্রাথমিক তদন্তে উঠে এসেছে, পড়ুয়াদের অজান্তেই খোলা হয়েছে তাদের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট। সেই সব অ্যাকাউন্টের মাধ্যমে টাকা আত্মসাৎ করা হয়েছে। 
এমবিএ পড়ুয়াদের জন্য সরকারের পক্ষ থেকে এই স্কলারশিপ দেওয়া হতো। সেই টাকা লুঠ করা হয়েছে। ইতিমধ্যে হাবিবগজ্ঞের ইউকো ব্যাঙ্কের ম্যানেজার এবং ভোপালের অ্যাকাডেমি অফ ম্যানেজমেন্ট কলেজের পাঁচ অধিকারিকের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে সিবিআই। অভিযোগ ২০২০ সালের জানুয়ারি মাস থেকে ২০২১ সালের অক্টোবর মাস পর্যন্ত প্রায় ৯৯.৪৮ লক্ষ টাকা সরানো হয়েছে ভুয়ো অ্যাকাউন্টের মাধ্যমে। 
ইউকো ব্যাঙ্কের উচ্চপদস্থ আধিকারিকের করা অভিযোগের ভিত্তিতেই শুরু হয়েছে এই তদন্ত। তিনি অভিযোগ করেছেন ওই হাবিবগঞ্জ শাখায় ১১৮টি অ্যাকাউন্টে অসঙ্গতি দেখা গিয়েছে। সিবিআই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে জানতে পারে ওই অ্যাকাউন্টগুলির মাধ্যমে সরকারি টাকা লুঠ করা হয়েছে। পড়ুয়াদের অজান্তেই তাদের নাম ব্যবহার করে খোলা হয়েছে অ্যাকাউন্ট গুলো। 
সিবিআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে কলেজের কয়েকজন কর্মী এই ঘটনার সাথে যুক্ত। তারা পড়ুয়াদের তথ্য ব্যবহার করে এই কাজ করেছে। নিজেদের বা আত্মীয়দের ফোন নম্বর দিয়ে খোলা হয় অ্যাকাউন্ট গুলো। এটিএম কার্ডও ছিল তাদের কাছে। এই কার্ডের সাহায্য চুরি করা হয়েছে স্কলারশিপের টাকা। 
প্রাথমিক ভাবে কলেজের পক্ষ থেকে জানানো হয়েছে তারা তদন্তে সব রকম ভাবেই সাহায্য করবে। তাদের কথায় স্কলারশিপ নিয়ে কলেজের পক্ষ থেকে কোন বেআইনি কাজ করা হয়নি।
সিবিআই জানিয়েছে জাল নথি তৈরি করে খোলা হয়েছিল অ্যাকাউন্ট গুলো। রাম সিং নামে এই ব্যাক্তির কাছে সব পড়ুয়ার এটিএম ছিল। কোন সম্মতি বা এনওসি ছাড়াই তিনি ব্যাঙ্কের কাছ থেকে সব কার্ড সংগ্রহ করেন। স্কলারশিপের টাকা অ্যাকাউন্ট গুলোয় ঢোকার সাথে সাথেই ওটিপি ব্যবহার করে সে সব তুলে নিতো বলেই প্রাথমিক ভাবে জানানো হয়েছে তদন্তকারি সংস্থার পক্ষ থেকে। 
সিবিআইয়ের পক্ষ থেকে তৎকালিন ব্যাঙ্ক ম্যানেজারের বিরুদ্ধেও অভিযোগ করা হয়েছে। অভিযোগ তিনি ব্যাঙ্কের নিয়ম না মেনেই কেওয়াইসি যাচাই না করেই কাজ করে গিয়েছেন। কেন তিনি একজনের হাতেই সব কার্ড তুলে দিলেন তা নিয়েও উঠেছে প্রশ্ন।

Comments :0

Login to leave a comment