বিয়ের সমস্ত আচার-অনুষ্ঠান শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়েছিল। কিন্তু খাবার পরিবেশনকে কেন্দ্র করে মুহূর্তের মধ্যে রণক্ষেত্রে পরিণত হল বিহারের একটি বিয়েবাড়ি। অভিযোগ, কনের পক্ষ আগে থেকে মাটনের খাওয়ানোর প্রতিশ্রুতি দিলেও শেষ পর্যন্ত পরিবেশন করা হয় চিকেন। তা নিয়েই বরযাত্রী ও কনের পক্ষের মধ্যে বচসা শুরু হয়, যা পরে রীতিমতো সংঘর্ষের আকার নেয়। ঘটনায় অন্তত ১২ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার বিহারের সাহারসা জেলার সিমরি বখতিয়ারপুর শহরে ঘটনাটি ঘটে। সেদিন বিকেল প্রায় ৩টা নাগাদ মহম্মদ আনোয়ারের ছেলে মহম্মদ আবদুল্লা ওরফে চাঁদের সঙ্গে মহম্মদ জাভেদ ওরফে মোটোর মেয়ের বিবাহ সম্পন্ন হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিয়ের অনুষ্ঠান শান্তিপূর্ণভাবেই শেষ হয়েছিল।
বরপক্ষের এক আত্মীয়ের দাবি, অনুষ্ঠানেরর পর বরযাত্রীরা খেতে বসেন। তাদের অভিযোগ, আগে থেকে মাটন পরিবেশনের আশ্বাস দেওয়া হলেও খাবারে দেওয়া হয় চিকেন। বিষয়টি নিয়ে দুই পক্ষের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। কিছুক্ষণের মধ্যেই তা হাতাহাতি ও মারামারিতে পরিণত হয়। অভিযোগ, কনের পক্ষের কয়েকজন বরযাত্রীদের উপর হামলা চালায়।
ঘটনার একাধিক ভিডিও ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। আহতদের সিমরি বখতিয়ারপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। সংঘর্ষে জড়িতদের চিহ্নিত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
Bihar
মাটনের বদলে চিকেন! বিহারের বিয়েবাড়িতে সংঘর্ষ, আহত অন্তত ১২
×
Comments :0