West Bengal Elections

ডাবগ্রাম-ফুলবাড়ি: হারের ভয়ে বাম প্রার্থীর প্রচারে যৌথ আক্রমণ তৃণমূল-বিজেপি’র

জেলা বাংলা বাঁচানোর ভোট

পরাজয়ের আতঙ্কে ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রে সিপিআই(এম) কর্মীদের লাগাতার হুমকি দিচ্ছে তৃণমূল ও বিজেপি। বিভিন্ন জায়গায় সিপিআই(এম)’র ফ্ল্যাগ পোষ্টার ফেস্টুন ছিড়ে ফেলে দিচ্ছে এই অভিযোগ জানিয়ে শনিবার দুপুরে হিলকার্ট রোডে অনিল বিশ্বাস ভবনে সাংবাদিক সম্মেলন করল সিপিআই(এম)। 
সাংবাদিক সম্মেলনে সিপিআই(এম)’র পরিষদীয় দলনেতা মুন্সী নুরুল ইসলাম অভিযোগ করেন, শুধু হুমকি, ফ্ল্যাগ, ফেস্টুন ছিড়ে ফেলাই নয়, বিভিন্ন জায়গায় মাইক মিটিং করার সময় মাইকের ফেজ অফ করে দিচ্ছে ওরা। সিপিআই(এম)’র প্রচারকে কোনভাবেই সহ্য করতে পারছে না বিরোধীরা। কারণ ডাবগ্রাম—ফুলবাড়ি কেন্দ্রে প্রচারে বিপুল সাড়া মিলছে বামফ্রন্ট প্রার্থী দিলীপ সিং’র পক্ষে। আর তাতেই ক্ষিপ্ত হয়ে নির্বাচনের দিন যতো এগিয়ে আসছে ততই বিজেপি ও তৃণমূলের আক্রমণের লক্ষ্যবস্তু হয়ে দাঁড়াচ্ছে সিপিআই(এম)। প্রচারের নিরিখে দিলীপ সিং অনেক এগিয়ে। এছাড়াও গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ মানুষের ব্যাপক সমর্থন মিলছে। প্রচার সভা, মিটিং, মিছিলে তার প্রতিফলনও ঘটছে। বামফ্রন্টের সময় উদ্দেশ্য ছিলো ডাবগ্রাম ফুলবাড়ি অঞ্চলকে কেন্দ্র করে নতুন শিল্পের প্রসার ঘটানো। কর্মসংস্থানের দিশা দেখানো। সেই সময়তেই এখানে ভিডিওকন সংস্থাটি এসেছিলো। ইএসআই বিল্ডিংটি আজও পড়ে রয়েছে। তৃণমূলের সময়ে শিল্প কারখানা তো দূরের কথা জমি মাফিরা একচেটিয়া জমি দখল করেছে। পঞ্চায়েতের মাধ্যমে ব্যাপক দুর্নীতি হয়েছে। তাই বামফ্রন্ট কর্মীদের প্রচারে প্রকাশ্যে মানুষ তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন। গরীব মানুষকে টাকার প্রলোভন দেখিয়ে কেনার চেষ্টা চালাচ্ছে। তিনি জানান, ১৯ এপ্রিল ৩১ থেকে ৩৫ নম্বর ওয়ার্ড পর্যন্ত ও ২০ এপ্রিল এনজেপি এলাকায় এই বিধানসভা ক্ষেত্রে প্রার্থী দিলীপ সিং’কে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানিয়ে পৃথকভাবে দুটি মিছিল হবে। 
প্রার্থী দিলীপ সিং বলেন, ডাবগ্রাম ১ ও ২ এবং ফুলবাড়ি ১ ও ২ গ্রাম পঞ্চায়েত সহ ১৪টি সংযোজিত এলাকায় গত ৪ ডিসেম্বর থেকে নিয়মিত প্রচারে যাচ্ছি। প্রতিটি এলাকা থেকেই মানুষের বিপুল সাড়া পাচ্ছি। তৃণমূল কংগ্রেসের চুরি, পৌর পরিষেবা প্রদানে ব্যর্থতা, পানীয় জল সঙ্কট, পাট্টা, রাস্তাঘাটের বেহাল অবস্থা মানুষ ক্ষুব্ধ। বিজেপি’র এসআইআর নিয়ে মানুষের হয়রানি, পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি কালোবাজারি নিয়েও সরব গরীব মানুষ। তাই তৃণমূলের বিকল্প হিসেবে মানুষ বিজেপি’কেও চাইছেন না। মানুষের কথাতেই তার বহিঃপ্রকাশ ঘটছে। এদিনের সাংবাদিক সম্মেলনে ছিলেন দিবস চৌবে ও গনেশ ঘোষ।

Comments :0

Login to leave a comment