নতুন জীবনে পা রাখার আগে হবু স্ত্রীকে নিয়ে প্রি-ওয়েডিং ফটোশ্যুটের পরিকল্পনা করেছিলেন বর্ধমানের দিঘির পাড়ের বাসিন্দা শেখ রাজা মল্লিক। ঠিক হয়েছিল, মঙ্গলবার গুসকরার মনোরম পরিবেশে ক্যামেরাবন্দি হবে তাঁদের জীবনের বিশেষ কিছু মুহূর্ত। সেই শ্যুটের জন্য দুই ফটোগ্রাফারকে সঙ্গে নিয়ে রওনা দিয়েছিলেন তাঁরা। কিন্তু আনন্দের সেই সফরই শেষ হল ভয়াবহ পথ দুর্ঘটনায়। বর্ধমান থেকে বোলপুর যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৪জন। তাঁদের প্রথমে গুসকরা প্রার্থমিক হাসপাতাল সেখান থেকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। নিহতদের মধ্যে ২জন ফটোগ্রাফার ও একজন কাপড় ব্যবসায়ী।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে একটি কালো স্করপিও বর্ধমান থেকে বোলপুরের দিকে যাচ্ছিল। সেসময় উল্টো দিক থেকে আসা একটি বাইককে ধাক্কা মারে স্করপিওটি। প্রত্যক্ষদর্শীদের দাবি, আচমকা রাস্তার সামনে একটি ছাগল চলে আসায় নিয়ন্ত্রণ হারান স্করপিওর চালক। এরপর বাইকটিকে ধাক্কা মেরে রাস্তার পাশের নয়ানজুলিতে উল্টে যায়। গাড়িটি উল্টে যাওয়ায় ভিতরে থাকা যাত্রীরা আটকে পড়েন। দুর্ঘটনার বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি এসে উদ্ধারকাজ শুরু করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ওড়গ্রাম ফাঁড়ির পুলিশ। গাড়ির ভিতরে আটকে থাকা যাত্রীদের উদ্ধার করে গুসকরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম শেখ নওয়াজ(২৩)। তাঁর বাড়ি বর্ধমান সদর থানার কমলসায়র এলাকায়। দ্বিতীয়জনের নাম সাধুজামালা শাহ শেখ(৪৭)। তাঁর বাড়ি ভাতার থানার ওড়গ্রামে। অপজরনের নাম সুদেব ঘোষ(২৮)। তাঁর বাড়ি জামালপুর থানার মশাগ্রাম স্টেশন বাজার এলাকায়। জানা গিয়েছে, মৃত সাধুজামালা ছাড়া বাকি দু’জন পেশায় ফটোগ্রাফার ছিলেন। প্রি-ওয়েডিং শ্যুটের কাজেই তাঁরা বর্ধমান থেকে বোলপুরের দিকে যাচ্ছিলেন। সেসময়ই দুর্ঘটনার কবলে পড়েন তাঁরা। একদিকে বিয়ের প্রস্তুতির মধ্যে দুর্ঘটনার আতঙ্ক, অন্যদিকে দুই ফটোগ্রাফার ও বাইক আরোহীর মৃত্যুর শোক। এই ঘটনায় এলাকায় নেমে এসেছে বিষাদের ছায়া। কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ।
Road Accident
ভাতারে পথ দুর্ঘটনায় মৃত ৩
×
Comments :0