Gaza genocide

গাজায় ৭৪ হাজারের বেশি প্যালেস্তিনীয় নিহত, যুদ্ধবিরতির পরও গণহত্যার অভিযোগ

আন্তর্জাতিক

গাজায় যুদ্ধবিরতি কার্যকর হলেও ইজরায়েল গণহত্যা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছে রাষ্ট্রপুঞ্জের নিযুক্ত একদল স্বাধীন বিশেষজ্ঞদের রিপোর্টে। সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে প্যালেস্তাইনের পশ্চিম তীর ও গাজায় ইজরায়েলি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগও তোলা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালের অক্টোবরে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের পরও গাজায় ইজরায়েলের নিয়ন্ত্রণাধীন এলাকা ৫৩ শতাংশ থেকে বেড়ে অন্তত ৬০ শতাংশ হয়েছে। এই সময়ে ইজরায়েলের বাহিনীর গুলিতে অন্তত ১৯৬ জন প্যালেস্তিনীয় নিহত হয়েছেন। তাঁদের মধ্যে ১৮ জন মহিলা, ৩২ জন বালক ও ১১ জন বালিকা রয়েছে।
প্যালেস্তিনীয় বন্দিদের উপর যৌন নির্যাতনের একাধিক অভিযোগও নথিভুক্ত করেছে তদন্ত কমিশন। গাজার স্দে তেইমান সামরিক কারাগারে পুরুষ বন্দিদের উপর যৌন হিংসার ছ'টি ঘটনা সম্প্রতি নথিভুক্ত হয়েছে। অন্য একটি ঘটনায় এক বন্দির যৌনাঙ্গে প্লাস্টিকের দড়ি বেঁধে তাঁকে প্রস্রাব করতে বাধ্য করা হয়েছিল বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। 
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বাধীন হামলায় ইজরায়েলে ১,২০০ জন নিহত হন এবং ২৫১ জন পণবন্দি হন। এর জবাবে ইজরায়েলের সামরিক অভিযানে গাজার স্বাস্থ্য মন্ত্রকের হিসাব অনুযায়ী, ৭৪,০০০-এরও বেশি প্যালেস্তিনীয় নিহত হয়েছেন।
গণহত্যা ও যৌন নির্যাতনের অভিযোগ অস্বীকার করেছে ইজরায়েল। কমিশনের প্রতিবেদন ভবিষ্যতে আন্তর্জাতিক অপরাধ আদালত-সহ বিভিন্ন বিচারব্যবস্থায় অভিযুক্তদের বিচারের ক্ষেত্রে ব্যবহার করা হতে পারে।

Comments :0

Login to leave a comment