ডুয়ার্সের চা বাগান সংলগ্ন এলাকায় দিনভর আটকে ছয়টি হাতির একটি দল। সোমবার সকাল থেকেই হাতির দলটিকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক কৌতূহল দেখা যায় এবং ভিড় জমে ওঠে। খবর পেয়ে দ্রুত বনদপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। কোনওরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে সারাদিন হাতির দলটির গতিবিধির ওপর কড়া নজর রাখেন।
বনদপ্তর ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে জঙ্গল থেকে বেরিয়ে ওই বুনো হাতির দলটি ডুয়ার্সের আইভিল চা বাগানে ঢুকে পড়ে। রাতভর দলটি বাগানের ২ নম্বর সেকশনে আশ্রয় নিয়েছিল। এরপর সোমবার সকালে সেখান থেকে সরে গিয়ে আইভিল চা বাগানের সাতখাইয়া ডিভিশনের ২৫-এফ সেকশনের একটি পতিত জমিতে হাতি গুলি আশ্রয় নেয়।
এলাকাটি নেওড়া নদী সংলগ্ন রেল সেতুর ঠিক পাশেই অবস্থিত। ওই অংশে ঘন ঝোপঝাড় থাকায় দিনের বেলায় হাতি গুলিকে স্পষ্টভাবে দেখা যায়নি। তবে হাতি ঢোকার খবর ছড়িয়ে পড়তেই আশপাশের এলাকা থেকে মানুষজন ভিড় জমাতে শুরু করেন। স্থানীয়দের নিরাপদ দূরত্বে সরিয়ে রেখে বনকর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখেন।
বনদপ্তরের আধিকারিকদের অনুমান, দিনের আলো নিভে সন্ধ্যা নামলেই হাতির দলটি ওই ঝোপঝাড় ছেড়ে পুনরায় চাপরামারি কিংবা শাখামের জঙ্গলের উদ্দেশে রওনা দেবে। উল্লেখ্য জঙ্গল সংলগ্ন হওয়ায় ওই এলাকায় মাঝেমধ্যেই হাতি সহ অন্যান্য বন্যপ্রাণীর আনাগোনা লেগেই থাকে।
Elephants
ডুয়ার্সের চা বাগানে দিনভর আটকে রইল হাতির দল, নজরদারিতে বনদপ্তর
ফাইল চিত্র
×
Comments :0