ন্যূনতম সহায়ক মূল্য আইনের দাবিতে ফের সরব হবে দেশের কৃষক আন্দোলন। ২৬ নভেম্বর ওই দাবিতে দেশজুড়ে চলবে বিক্ষোভ কর্মসূচি।
সোমবার, ১৬ নভেম্বর, তেলেঙ্গানার নালগোন্ডায় সারা ভারত কিসান সভা (এআইকেএস)-র সর্বভারতীয় ৩৬ তম সম্মেলনে এই প্রস্তাব পেশ করা হয়। গত রবিবার বিশাল জনসভার মধ্য দিয়ে সংগঠিত কৃষক আন্দোলনের ৯০ বছরে কিসান সভার সম্মেলন শুরু হয়েছে।
এদিন সারা ভারত কিসান সভার প্রাক্তন সাধারণ সম্পাদক প্রবীণ নেতা হান্নান মোল্লা ২৬ নভেম্বর দিল্লির কৃষক আন্দোলনের ষষ্ঠ বার্ষিকী সফল করার পক্ষে প্রস্তাব পেশ করেন।
একইসঙ্গে ওই দিন ‘সংবিধান দিবস’ পালন করবে কৃষক আন্দোলন।
এই কর্মসূচিতেই কৃষকসভা দাবি তুলবে যে মুক্ত বাণিজ্য চুক্তি বাতিল করতে হবে, ন্যূনতম সহায়ক মূল্য আইন করতে হবে। পাশাপাশি এসআইআর বাতিল করা এবং জাতীয় গ্রামীণ কর্মসংস্থান যোজনা বা এনরেগা ফের চালু করতে হবে। চারটি শ্রম কোড বাতিলেরও দাবি তুলবে কৃষক আন্দোলন।
গত চার বছরে প্রয়াত শ্রমজীবী মানুষ এবং জনগণের সংগ্রামের শহীদদের স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা জানানো হয়। সারা ভারত কিসান সভার প্রেস বিবেতিতে জানানো হয়েছে যে সংগঠনের সর্বভারতীয় সভাপতি ডাঃ অশোক ধাওলে সংগঠনের লাল পতাকা তুলে সম্মেলনের সূচনা করেন। ‘কিষান-মজদুর ঐক্য’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে এস মাল্লা রেড্ডি নগরের বিশাল প্রাঙ্গণ। মূল শহরে আয়োজিত এক বিশাল কৃষক সমাবেশ ও পদযাত্রার প্রেক্ষাপটে সম্মেলনের উদ্বোধনী অধিবেশন অনুষ্ঠিত হয়। অভ্যর্থনা কমিটির সভাপতি জে. রঙ্গা রেড্ডি প্রতিনিধিদের স্বাগত জানান। তিনি ঐতিহাসিক তেলেঙ্গানার সশস্ত্র সংগ্রামের গৌরবময় ঐতিহ্যের কথা স্মরণ করিয়ে দেন, যে সংগ্রামে নালগোণ্ডা ছিল কেন্দ্রবিন্দু। তিনি আশা প্রকাশ করে বলেন যে, কিসান সভার এই সম্মেলন বর্তমান সময়ে কৃষকদের সামনে থাকা চ্যালেঞ্জগুলোর মোকাবিলায় সেই আন্দোলনের চেতনাকে নতুন করে প্রাসঙ্গিক করে তুলবে।
ধাওলে সভাপতির ভাষণে বলেন, সা ভারত কিসান সভার ৯০ বছরের ইতিহাসে নালগোণ্ডায় সম্মেলন আয়োজন করা অত্যন্ত গর্বের বিষয়। তিনি স্মরণ করিয়ে দেন যে, ১৯৪৬-১৯৫১ পর্বে তেলেঙ্গানার সংগ্রামে ৪ হাজার মানুষ শহীদ হয়েছিলেন। ৫০ হাজারেরও বেশি নারী-পুরুষ ভয়াবহ নির্যাতনের শিকার হয়েছিলেন। ড. ধাওলে ‘সংযুক্ত কিষান মোর্চা’ (এসকেএম)-এর নেতৃত্বে পরিচালিত ১৩ মাসব্যাপী ঐতিহাসিক কৃষক সংগ্রামের কথাও উল্লেখ করেন, যেখানে এআইকেএস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল।
তিনি জানান, ভারতের ২৭টি রাজ্যে ১ কোটি ৫৮ লক্ষ সদস্যকে সংগঠিত করা একটি উল্লেখযোগ্য সাফল্য। তিনি গাজায় জায়নবাদী ইজরায়েলের হাতে হাজার হাজার শিশু ও নারী হত্যার নৃশংস ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন; এই হত্যাকাণ্ডে মার্কিন সাম্রাজ্যবাদ সক্রিয়ভাবে সহায়তা করেছে। পাশাপাশি তিনি ব্রাজিল, হাঙ্গেরি, বুলগেরিয়া, সার্বিয়া ও অন্যান্য স্থানে ঘটে যাওয়া ইতিবাচক রাজনৈতিক পরিবর্তনগুলোকে স্বাগত জানিয়েছেন; সেই সঙ্গে ইসরায়েলি নির্বাচনে নেতানিয়াহুর বিপর্যয় এবং সাম্প্রতিক উপনির্বাচনগুলোতে ট্রাম্পের পরাজয়কেও তিনি ইতিবাচক হিসেবে উল্লেখ করেছেন।
এআইকেএস (AIKS)-এর সাধারণ সম্পাদক ড. বিজু কৃষ্ণন গত চার বছরের কাজের প্রতিবেদন পেশ করেন। এতে স্থানীয় পর্যায়ে বিভিন্ন ইউনিটের নিজস্ব সংগ্রাম এবং জাতীয় পর্যায়ে গৃহীত যৌথ সংগ্রামের অভিজ্ঞতাগুলো বিশ্লেষণ করা হয়েছে। তিনি গুরুত্বপূর্ণ সাফল্য অর্জনের জন্য এআইকেএস কর্মীদের প্রশংসা করেন এবং নব্য-উদারবাদী ও করপোরেট-পন্থী নীতিগুলোর অন্ধ অনুসরণের ফলে সৃষ্ট নতুন চ্যালেঞ্জগুলোর দিকে আলোকপাত করেন।
তিনি প্রতিনিধিদের সাম্প্রদায়িকতার বিপদ সম্পর্কে গভীরভাবে আত্মবিশ্লেষণ করার আহ্বান জানান। বিজু কৃষ্ণন পুরো সংগঠনকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান, যাতে ট্রেড ইউনিয়ন ও কৃষি শ্রমিক ইউনিয়নগুলোর সঙ্গে শক্তিশালী শ্রেণি-ঐক্য গড়ে তোলার মাধ্যমে আমরা স্বাধীনভাবে এবং যৌথ সংগ্রামে প্রত্যাশিত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারি।
সিআইটিইউ (CITU)-এর সাধারণ সম্পাদক কমরেড এলামারাম করিম সম্মেলনে শুভেচ্ছা বক্তব্য রাখেন। তিনি এসকেএম (SKM) এবং কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলোর মধ্যে অত্যন্ত প্রয়োজনীয় ঐক্য গড়ে তোলার ক্ষেত্রে এআইকেএস-এর ভূমিকার প্রশংসা করেন। তিনি ১, ২ ও ৩ ডিসেম্বর দিল্লিতে শ্রমিকদের তিন দিনের সমাবেশের উল্লেখ করেন। কৃষক সভার সঙ্গে যৌথ সংগ্রামে জোর দেন তিনি।
কিসান সভা সহ কৃষক এবং খেতমজুর সংগঠনগুলির যৌথ মঞ্চ সংযুক্ত কিসান মোর্চার নেতৃবৃন্দ অভিনন্দন জানিয়েছেন কৃষকসভার সম্মেলনকে। উল্লেখ্য, সংযুক্ত কিসান মোর্চার নেতৃত্বেই তিন কৃষি আইন বাতিলের ঐতিহাসিক আন্দোলন হয়েছিল।
সংযুক্ত কিসান মোর্চার নেতা রাকেশ টিকায়েত বক্তব্যের শুরুতেই নিজামের বিরুদ্ধে গৌরবময় কৃষক সংগ্রামের জন্য তেলেঙ্গানার ভূমিকে সশ্রদ্ধ সালাম জানান। তিনি পি. সুন্দরাইয়া, এম বাসবপুন্নাইয়া, মাল্লু স্বরাজ্যম এবং সি রাজেশ্বর রাওয়ের প্রতি শ্রদ্ধা জানান। তিনি মহান স্বাধীনতা সংগ্রামী মেজর জয়পাল সিংকেও স্মরণ করেন, যিনি ব্রিটিশ সেনাবাহিনীর বিরুদ্ধে তেলেঙ্গানার সংগ্রামী কৃষকদের সশস্ত্র প্রশিক্ষণ দিয়েছিলেন।
এআইকেএস (অজয় ভবন)-এর সাধারণ সম্পাদক কমরেড রাভুলা ভেঙ্কাইয়া, এআইকেএম’র সাধারণ সম্পাদক কমরেড পুরুষোত্তম শর্মা এবং এআইকেকেএমএস (AIKKMS)’র সাধারণ সম্পাদক কমরেড শঙ্কর ঘোষ সম্মেলনে শুভেচ্ছা বক্তব্য রাখেন। তাঁরা বর্তমান চ্যালেঞ্জিং সময়ে যৌথ আন্দোলনগুলোকে আরও প্রসারিত ও সুসংহত করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। ডিওয়াইএফআই’র সভাপতি ও রাজ্যসভার সাংসদ এ. এ. রহিমও সম্মেলনে শুভেচ্ছা বক্তব্য রাখেন।
সম্মেলনে সর্বসম্মতিক্রমে দু’টি গুরুত্বপূর্ণ প্রস্তাব গৃহীত হয়।
তার একটি হলো ২৬ নভেম্বর কর্মসূচির। অপরটিতে কৃষককে ফসলের ন্যূনতম দাম দেওয়ার ক্ষেত্রে স্বামীনাথন কমিশনের সুপারিশ অনুযায়ী ‘সি২+৫০%’ হার চালু করার দাবি জানানো হয়। সমস্ত ফসল সরকারিভাবে সংগ্রহের কথা বলা হয়েছে। এছাড়া, কৃষি প্রক্রিয়াকরণ ও বিপণন ব্যবস্থায় যে উদ্বৃত্ত মূল্য তৈরি হয়—যা বর্তমানে ব্যবসায়ী ও শিল্পপতিরা কুক্ষিগত করে রেখেছেন—তা কৃষক ও কৃষি শ্রমিকদের সঙ্গে ভাগ করে নেওয়ার দাবিও এই প্রস্তাবে রাখা হয়েছে।
AIKS National Conference
২৬ নভেম্বর দেশজুড়ে বিক্ষোভের আহ্বান সর্বভারতীয় কৃষক সম্মেলনে
সম্মেলনে অশোক ধাওলে এবং বিজু কৃষ্ণান।
×
Comments :0