BJP

টোটো চালক মুসলিম, যাত্রীর থেকে তোলা আদায় বিজেপি’র, অভিযোগ মহিলার

রাজ্য জেলা

হিন্দু হয়ে কেন মুসলিমের টোটোতে চেপেছিস, জানিস না এখন রাজ্যে সনাতনি সরকার চলছে! এর জন্য ৫০ হাজার টাকা জরিমানা দিতে হবে। গত ২নভেম্বর মেমারী থানার দুর্গাপুর পঞ্চায়েতের ঘোড়াডাঙা এলাকার কাছাকাছি টোটো আটকে এক মহিলার কাছে বিধায়কের প্রতিনিধি দাবি করে প্রথমে টাকা তারপর অশালীন খারাপ প্রস্তাব দেওয়া হয়। আক্রান্ত মহিলা ৫০ হাজার টাকা দিতে অপারগ হলে তাঁকে কুপ্রস্ততা দেয় শাসকদলের ৬ কর্মী। মহিলা তাতে রাজী না হলে টোটো চালককে মারধর, মহিলাকে হেনস্থা করে বলে অভিযোগ। প্রায় দেড় ঘন্টা আটকে রেখে শেষে ৬ হাজার টাকা ফোন-পে তে নিয়ে মহিলাকে ছেড়ে দেয়। পরের দিন আক্রান্ত মহিলা মেমারী থানায় অভিযোগ করতে গেলে পুলিশ ঘুরিয়ে দেয়। শুধু তাই নয়, বলে বিধায়কের প্রতিনিধি বিজয় পাল, তার বিরুদ্ধে থানায় অভিযোগ করে বাঁচতে পারবি? এই বলে থানার ডিউটিরত পুলিশ কর্মী শৈলেন বাবু অভিযোগ না নিয়ে আক্রান্ত মহিলাকে মিথ্যা অভিযোগ দিয়ে তাড়িয়ে দেয় এমনটাই অভিযোগ করেছেন ওই মহিলা। পরে ফের বিজেপি’র কিছু কর্মীকে নিয়ে ওই নির্যাতিত মহিলা মেমারী থানায় অভিযোগ দায়ের করেন কিন্তু এই ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি। বিধায়কের লোক বলেই কি পুলিশ অপরাধীদের ধরতে ভয় পাচ্ছে? ঘটনার ১৪ দিন পরও এক মহিলার সন্মান বাঁচাতে পুলিশের ভূমিকা কি ছিল তা নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে থানার আইসি’র ভূমিকা নিয়ে জোরালো অভিযোগ করেছেন মেমারীর মানুষ। রাত সাড়ে আটটা থেকে ৯টার সময় টোটো চেপে বাড়ি ফেরার অপরাধে ওই মহিলার ও টোটো চালকের কাপড় খুলে পরীক্ষা করতে চাপ তৈরি করে বিজেপি’র ৬ কর্মী। মহিলা স্পষ্ট জানিয়ে দেন পুলিশ ডাকুন প্রয়োজনে তিনি মেডিকেল টেষ্ট করাতেও রাজী। কিন্তু দুষ্কৃতীরা তাঁকে মিথ্যা বদনাম দিয়ে চরম হেনস্থা করে কয়েক ঘন্টা ধরে। আক্রান্ত মহিলা আরও অভিযোগ করেন, তিনি যখন টোটো চেপে যাচ্ছিলেন সেই সময় এই বিধায়কের নামে পরিচয় দেওয়া ৬ জন মদ খেয়ে নেশা ভান করছিল। তিনি পুলিশের কাছে প্রশ্ন তোলেন এ কোন রাজ এলো রাত ৯টার সময় কোনো মহিলা টোটো চেপে বাড়ি ফিরতে পারবে না? এই ঘটনা সোস্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। যদিও এর সত্যতা গণশক্তি ডিজিটাল যাচাই করেনি। আক্রান্ত মহিলা থানায় গিয়ে পুলিশের কাছে বিচার চেয়েছেন কিন্তু পুলিশ দুসপ্তাহ পরেও একজনকেও গ্রেপ্তার করতে পারেনি না শাসকের চাপে করেনি সেই কথায় এখন মেমারীর মানুষের মুখে মুখে ঘুরছে। ২০২৬ সালের অক্টোবরে মেমারির রসুলপুর দলুই বাজারে বিধায়কের নাম ব্যবহার করে এক কাঠমিল মালিকের কাছে ৩ লক্ষ টাকা তোলার টাকা দাবি করার অভিযোগ ওঠে। টাকা না দেওয়ায় মিলের গেটে তালা ঝুলিয়ে দেওয়া হয় এবং পরবর্তীতে পালসিট ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেন কাঠমিল মালিক। পরে চাপে পড়ে তোলাবাজ’রা মিলের গেটে তালা খুলে দিলেও  এই ঘটনায় পুলিশ তোলাবাজদের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করেনি। এ নিয়ে পুলিশের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছেন মেমারীর মানুষ। অভিযোগ গোটা মেমারী শহরে তোলাবাজ’রা একটার পর একটা দুষ্কর্ম করে কিভাবে রেহায় পাচ্ছে? দুষ্কৃতীদের মাথায় কার হাত এ নিয়ে প্রশ্ন তুলেছেন নগরবাসী। মেমারী শহর সহ বিধানসভায় আইনের রাজ চলছে কি, পুলিশ প্রশাসন কোথায়?  বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে অভিযানের নামে কি অরাজগতা চলছে মেমারী শহরে?  স্থানীয় মানুষের তথ্যমতে, ২০২৬ সালের অক্টোবরের শেষের দিকে মেমারির বিধায়ক নিজে রাস্তায় নেমে বেআইনি গাড়ি পার্কিং ও যানজটের বিরুদ্ধে যেভাবে হুঁশিয়ারি ও হুমকি দিয়েছেন তা ইতিমধ্যে সোস্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। শহরে ডিজে’র বিরুদ্ধে মুখ খুলেও শাসকদলের একাংশ নেতাকে সেই ডিজের তালে নাচতে দেখা গেছে দলের মধ্যেও প্রশ্ন উঠেছে এই সব হচ্ছেটা কি?

Comments :0

Login to leave a comment