Leopard

চোপড়ার সীমান্তবর্তী গ্রামে চিতাবাঘের আতঙ্ক

জেলা

বাংলাদেশ সীমান্তবর্তী দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের অম্বিকানগর থেকে বালাবাড়ি ও চোপড়ামারি চা বাগান সংলগ্ন বিস্তীর্ণ এলাকায় চিতাবাঘের আনাগোনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়েছে। গত কয়েক মাস ধরে এলাকায় চিতাবাঘের উপদ্রব বেড়েছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। সন্ধ্যা নামতেই কার্যত ঘরবন্দি হয়ে পড়ছেন তাঁরা। চিতাবাঘের হামলায় গত কয়েক মাসে অন্তত ১৫টি গোরু ও ছাগল মারা গিয়েছে অথবা জখম হয়েছে বলে দাবি গ্রামবাসীদের। গত সপ্তাহেও দুটি গোরুর উপর হামলার অভিযোগ ওঠায় নতুন করে উদ্বেগ ছড়িয়েছে।
স্থানীয়দের ধারণা, ভারত-বাংলাদেশ সীমান্তের কাঁটাতারের নীচে থাকা হিউমপাইপ দিয়ে চিতাবাঘগুলি এপারে ঢুকছে। পরে ফের বাংলাদেশে ফিরে যাচ্ছে। সীমান্ত লাগোয়া চা বাগানগুলিতে প্রায়ই গবাদিপশুর উপর হামলার ঘটনা ঘটছে বলে অভিযোগ। অম্বিকানগর, বালাবাড়ি ও ধন্দেগছ গ্রামেও এই আতঙ্ক ছড়িয়েছে। কিছুদিন আগে বালাবাড়িতে হিংস্র জন্তুর হামলায় একাধিক গোরুর মৃত্যু হয়েছিল। গত এক সপ্তাহে ফের দুটি গোরুর উপর হামলার অভিযোগ উঠেছে।
বালাবাড়ির বাসিন্দা অমৃত বৈদ্য বলেন, ‘‘কয়েক মাস ধরেই এলাকায় চিতাবাঘের আতঙ্ক রয়েছে। আগে তেমন নজরে পড়ত না। এখন প্রায়ই দেখা যাচ্ছে। আমিও নিজের চোখে চিতাবাঘ দেখেছি।’’ অম্বিকানগরের বাসিন্দা মনজুর আলমের দাবি, প্রায় চার মাস ধরে এই পরিস্থিতি চলছে। তাঁর অভিযোগ, পাশের বাড়ির দুটি গোরুর উপর চিতাবাঘ হামলা চালায়। তার মধ্যে একটির মৃত্যু হয়েছে।
এলাকার চা বাগানের মালিক তথা বাম গণতান্ত্রিক আন্দোলনের নেতা বিদ্যুৎ তরফদার বলেন, ‘‘স্থানীয় নদীর দু'পাশেই চা বাগান রয়েছে। ফলে একাধিক গ্রামে চিতাবাঘের আতঙ্ক ছড়িয়েছে। অনেকের গোরু ও ছাগল মারা যাচ্ছে। চা বাগানে শিয়ালেরও বাস রয়েছে। অনেক সময় কাজে গিয়ে শিয়ালের দেহাবশেষ পড়ে থাকতে দেখা যায়। এখন কেউ একা চলাফেরা করতে সাহস পাচ্ছেন না। দলবদ্ধভাবে যাতায়াত করছেন বাসিন্দারা। ঠান্ডা ও কুয়াশা বাড়তে শুরু করায় চিতাবাঘের লুকিয়ে থাকার আশঙ্কাও রয়েছে। বিষয়টি ফের বন দপ্তরের নজরে আনা হবে।’’
বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, কয়েক মাস আগে পরিস্থিতি মোকাবিলায় এলাকায় খাঁচা বসানো হয়েছিল। প্রায় এক মাস খাঁচা রাখা হলেও চিতাবাঘের সন্ধান মেলেনি। বনকর্মীরা নজরদারিও চালিয়েছিলেন। তবে নতুন করে আতঙ্ক ছড়ানোয় বন দপ্তরের নজরদারি ও প্রয়োজনীয় পদক্ষেপের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

Comments :0

Login to leave a comment