অন্ধ্রপ্রদেশেই ল্যান্ডফল হচ্ছে ঘূর্ণিঝড় আখবানের। মৌসম ভবন জানিয়েছে যে অন্ধ্রপ্রদেশ ও ইয়ানাম উপকূলের নেলোর ও টুনির মধ্যবর্তী কোনও স্থান দিয়ে স্থলভাগ অতিক্রম করতে পারে ঘূর্ণিঝড়টি। ২০ নভেম্বর শুক্রবার ল্যান্ডফল হবে বলে জানিয়েছে মৌসম ভবন। ল্যান্ডফলে সময় অতি প্রবল ঘূর্ণিঝড় হিসেবে আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হয়েছে। সেই সময় হওয়ার গতিবেগ হতে পারে ঘণ্টায় ১২০-১৩০ কিমি, সর্বোচ্চ ঘণ্টায় ১৪৫ কিমি পর্যন্ত পৌঁছাতে পারে।
দক্ষিণ-পূর্ব এবং তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের ওপর অবস্থানরত গভীর নিম্নচাপটি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়েছে। যা আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে। সোমবার নিম্নচাপটি দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যাঞ্চল ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের ওপর ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় এটি আরও শক্তিশালী হয়ে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের ওপর একটি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।
বৃহস্পতিবার থেকেই দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি শুরু হবে। দুই মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় ওই দিন হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। শুক্রবার ভারী বৃষ্টি হবে ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায়। হলুদ সতর্কতা এই চার জেলায় থাকছে। এছাড়াও কলকাতা, হাওড়া, হুগলি সহ দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। শনিবার বৃষ্টির প্রভাব কমলেও বিক্ষিপ্ত ভাবে দক্ষিণের সব জেলায় কমবেশি বৃষ্টি হবে।
WEATHER
আখবানের ল্যান্ডফল অন্ধ্রপ্রদেশেই, কী পূর্বাভাস রাজ্যে
×
Comments :0