বসিরহাট পৌরসভার ১৮নং ওয়ার্ডের বাগাটি এলাকায় জন্ডিস ও হেপাটাইটিসের সংক্রমণ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে খবর, এখনও পর্যন্ত প্রায় ৩০ জন এলাকাবাসী এই রোগে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে এক মহিলা ও এক শিশুর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। মৃত মহিলার নাম শামীমা আখতার (৩২)। পরপর এমন ঘটনায় আতঙ্কিত এলাকার বাসিন্দারা।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পৌরসভার টাইম কলের দূষিত ও দুর্গন্ধযুক্ত জল থেকেই এই সংক্রমণ ছড়িয়েছে। তাদের দাবি, দীর্ঘদিন ধরেই ওই কলের জল থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। আক্রান্তদের মধ্যে যারা চিকিৎসকদের কাছে গিয়েছিলেন, তাদের কয়েকজন চিকিৎসকও ওই জল থেকে সংক্রমণের আশঙ্কার কথা জানিয়েছেন বলে দাবি এলাকাবাসীর।
ঘটনার খবর পেয়ে বসিরহাট স্বাস্থ্য জেলার মেডিক্যাল কর্মীরা এলাকায় পৌঁছে আক্রান্ত ও স্থানীয় বাসিন্দাদের স্বাস্থ্য পরীক্ষা করেন। পাশাপাশি প্রয়োজনীয় ওষুধও দেওয়া হয়। বসিরহাট স্বাস্থ্য জেলা সূত্রে জানা গিয়েছে, ওই এলাকার পানীয় জলের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরিস্থিতি বিবেচনা করে আপাতত টাইম কলের জল সরবরাহ বন্ধ রাখা হয়েছে। অন্যদিকে, পানীয় জলের সমস্যা মেটাতে বসিরহাট পৌরসভার পক্ষ থেকে ট্যাংকারে করে এলাকায় জল পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। তবে স্থানীয়দের অভিযোগ, রবিবার ছুটির দিন হওয়ায় এদিন জলবাহী ট্যাংকারটি খালি পড়ে রয়েছে। ফলে পানীয় জল সংগ্রহ করতে সমস্যায় পড়েছেন বাসিন্দারা। একদিকে জন্ডিস ও হেপাটাইটিসের সংক্রমণ, অন্যদিকে পানীয় জলের অনিশ্চয়তা। সব মিলিয়ে চরম উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন ১৮নং ওয়ার্ডের বাগাটি এলাকার মানুষ। সংগৃহীত জলের পরীক্ষার রিপোর্ট এবং সংক্রমণের প্রকৃত কারণ জানতে এখন স্বাস্থ্য দফতর ও পৌরসভার পরবর্তী পদক্ষেপের দিকে তাকিয়ে রয়েছেন তারা।
Basirhat
বসিরহাটে জন্ডিস-হেপাটাইটিসের আতঙ্ক, আক্রান্ত ৩০, মৃত্যু মহিলা ও শিশুর
×
Comments :0