Tarek Rahman

তাঁবেদার রাষ্ট্রে পরিণত করা যাবে না বাংলাদেশকে, বললেন রহমান

আন্তর্জাতিক

মীর আফরোজ জামান: ঢাকা

বাংলাদেশ তাঁবেদার রাষ্ট্রে পরিণত হবে না। বাংলাদেশে আর কেউ যাতে ফ্যাসিবাদ কায়েম করতে না পারে তার জন্য দেশ ঐক্যবদ্ধ থাকবে।
ভোটে বিপুল সংখ্যাগরিষ্ঠতার পর ঢাকায় সাংবাদিক সম্মেলনে একথা বললেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
তাঁর এই ভাষণের দিকে নজর ছিল সব অংশেরই। ভারতের সঙ্গে সম্পর্কের প্রশ্নে মনোভাবও বুঝতে চেয়েছে কূটনৈতিক মহল।
রহমান বলেন, ‘‘আমাদের পথ এবং মত ভিন্ন থাকতে পারে, কিন্তু দেশের স্বার্থে আমরা সবাই এক। আমি বিশ্বাস করি জাতীয় ঐক্য আমাদের শক্তি, বিভাজন আমাদের দুর্বলতা।’’
নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ জয় লাভ করার পর শনিবারই প্রথম সাংবাদিকদের মুখোমুখি হলেন রহমান। 
শনিবার সাংবাদিক সম্মেলনে দেশি-বিদেশি সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
তারেক রহমান বলেন, ‘‘সারা দেশে বিএনপির সর্বস্তরের নেতাকর্মী-সমর্থকদের ধন্যবাদ জানিয়ে বলতে চাই শত নির্যাতন-নিপীড়নের পরও আপনারা রাজপথ ছাড়েননি। গণতন্ত্র প্রতিষ্ঠায় সংগ্রামে অটুট ছিলেন, অনড় ছিলেন। এবার দেশ গড়ার পালা আমাদের। দেশ পুনর্গঠনের এই যাত্রায় আপনি-আমি আমাদের প্রত্যেককে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে অবশ্যই।’’
তারেক রহমান বলেন, ‘‘জনগণ বিএনপি-কে বিজয়ী করেছে। এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের, এ বিজয় গণতন্ত্রকামী জনগণের।’’ 
তিনি বলেন, ‘‘আমরা গণতন্ত্র এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার এই বিজয়কে শান্তভাবে, শান্তির সাথে, দায়িত্বশীলতার মাধ্যমে উদযাপন করেছি। নির্বাচনোত্তর বাংলাদেশে যাতে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, এজন্য শত উস্কানির মুখেও আমি সারা বাংলাদেশে বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের শান্ত এবং সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি।‘‘ 
উল্লেখ্য যে,গত ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়।

Comments :0

Login to leave a comment