দুর্গাপুজোর অষ্টমীর সকালে ডুয়ার্সের মাটিয়ালি ব্লকের বাঁশবাড়ি লাইনে এক যুবকের রহস্য মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘরের মেঝে থেকে বিশাল ওরাওঁ নামে এক যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে। তাঁর বুকে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা গিয়েছে।মেটেলি থানার পুলিশ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মৃতের স্ত্রী ও বাবাকে আটক করেছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মাটিয়ালি ব্লকের ডাঙি ডিভিশনের বাঁশবাড়ি লাইন এলাকায় অষ্টমীর সকালে বিশালের বাড়িতে পারিবারিক বিবাদ শুরু হয়। সেই সময় কোনও ভাবে ধারালো অস্ত্র তাঁর বুকে ঢুকে যায় বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। রক্তাক্ত অবস্থায় মেঝেতে লুটিয়ে পড়েন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে খবর। তবে কীভাবে ওই অস্ত্র তাঁর বুকে ঢুকল, তা এখনও স্পষ্ট নয়।
খবর পেয়ে মেটেলি থানার আইসি মিংমা লেপচার নেতৃত্বে পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়।দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে রক্তমাখা ধারালো অস্ত্রটিও বাজেয়াপ্ত করেছে। ঘটনার প্রকৃত কারণ জানতে মৃতের স্ত্রী ও বাবাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এটি পারিবারিক বিবাদের জেরে খুন, নাকি কোনও দুর্ঘটনা—তা খতিয়ে দেখছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট এবং তদন্তের অগ্রগতির উপর নির্ভর করছে মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণ। ঘটনার সঙ্গে কারও অপরাধমূলক যোগ রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।
এলাকার পঞ্চায়েত সদস্যা সরিতা লাকড়া জানান,খবর পেয়ে তিনি ওই বাড়িতে যান। সেখানে গিয়ে ঘরের মেঝেতে যুবকের রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন।
উৎসবের সকালে এই ঘটনায় বাঁশবাড়ি লাইন এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দারা ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশের তদন্তের দিকে তাকিয়ে রয়েছে।
Body Recovered
যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার ডুয়ার্সে, আটক স্ত্রী ও বাবা
×
Comments :0