Chorbagan Victim Sriparna Poddar

বেরিয়েছিল পুজো দেখতে, চঞ্চল মেয়ের নিথর দেহ ফিরলো বৈদ্যবাটির বাড়িতে

রাজ্য জেলা

চঞ্চল মেযের নিথর দেহ ফিরল বাড়িতে। কান্নায় ভেঙে পড়লেন বাবা-মা, আত্মীয়-প্রতিবেশীরা।
বন্ধুদের সঙ্গে কলকাতায় ঠাকুর দেখতে গিয়েছিলেন শ্রীপর্ণা, আর বাড়ি ফেরা হল না তাঁর। চোরবাগান পুজো মণ্ডপে পদপিষ্ট হয়ে মৃত্যু বৈদ্যবাটির তরুণী নার্সের। একমাত্র মেয়েকে হারিয়ে শোকে পাথর বাবা-মা।
বাড়ি ফিরল শ্রীপর্ণার নিথর দেহ। যে মেয়েটা হাসিমুখে ঠাকুর দেখতে বাড়ি থেকে বেরিয়েছিলেন, তাঁরই নিথর শরীর ফিরতেই কান্নায় ভেঙে পড়লেন আত্মীয়স্বজন থেকে প্রতিবেশীরা। রবিবার শোকের ছায়া নেমে এল বৈদ্যবাটির মালির বাগান এলাকায়।
বৈদ্যবাটিতে রবিবার শ্রীপর্ণার বাড়িতে যান ছাত্র আন্দোলনের প্রাক্তন নেত্রী দীপ্সিতা ধর।
শ্রীপর্ণা ছিলেন বাবা-মায়ের একমাত্র সন্তান। সপ্তাহের শেষে ছুটির দিনে যে মেয়েটি বাড়ি ফিরে বাবা-মায়ের সঙ্গে সময় কাটাতেন, সেই মেয়েরই এ বার বাড়ি ফেরা চিরবিদায়ের বার্তা নিয়ে। আর কোনও দিন পরিচিত সেই চঞ্চল মেয়েটির হাসিমুখ দেখতে পাবেন না পরিবারের সদস্যরা।
মালির বাগানে শ্রীপর্ণার বাড়ির সামনে ভিড় জমিয়েছেন বহু মানুষ। শোকস্তব্ধ আত্মীয়স্বজন, প্রতিবেশীরা। কান্নায় ভারী হয়ে উঠেছে গোটা পরিবেশ। গতকাল যে মেয়েটি বন্ধুদের সঙ্গে আনন্দ করতে বেরিয়েছিলেন, আজ তাঁর শেষ বিদায়ে চোখের জল ধরে রাখতে পারছেন না কেউই।
রবিবার বৈদ্যবাটির ১৮ নং ওয়ার্ডে বাসিন্দা শ্রীপর্ণা পোদ্দারের বাড়িতে সিপিআই(এম) নেত্রী দীপ্সিতা ধরের সঙ্গে ছিলেন জেলা সম্পাদকমন্ডলীর সদস্য তীর্থঙ্কর রায়, দীপ্তি চ্যাটার্জি, জেলা নেতৃত্ব মিঠুন চক্রবর্তী, শচীন রায় প্রমুখ।

Comments :0

Login to leave a comment