দুর্গাপুজোর উৎসবের মধ্যেই ফের বুনো হাতির হামলায় প্রাণ গেল এক চা শ্রমিকের। সোমবার সকালে ডুয়ার্সের লক্ষ্মীপাড়া চা বাগানের সুনীল মাহালি(৪৫)-র মৃত্যুকে কেন্দ্র করে শোকের ছায়া নেমে এসেছে বাগান এলাকায়। মৃতের বাড়ি লক্ষ্মীপাড়া চা বাগানের ইস্ট ডিভিশনের হাসপাতাল লাইনে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গিয়েছে, এদিন সকাল আনুমানিক ৬টা ১৫ মিনিট নাগাদ সুনীল আত্মীয়ের বাড়িতে যাওয়ার জন্য বেরিয়েছিলেন। নিউ ডুয়ার্স চা বাগানের ভিতর দিয়ে হেঁটে যাওয়ার সময় ঝোপের আড়াল থেকে আচমকাই একটি বুনো হাতি বেরিয়ে এসে তাঁর উপর হামলা চালায়। হাতির আক্রমণে আত্মরক্ষার কোনও সুযোগ পাননি। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে বানারহাট থানার পুলিশ ও বনদপ্তরের কর্মীরা পৌঁছায়। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। পুজোর সকালে এই মর্মান্তিক ঘটনায় লক্ষ্মীপাড়া ও সংলগ্ন নিউ ডুয়ার্স চা বাগান এলাকায় শোকের পরিবেশ তৈরি হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের একাংশ ঘটনাকে কেন্দ্র করে বনদপ্তরের নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁদের অভিযোগ, জঙ্গল লাগোয়া চা বাগানের রাস্তা দিয়ে যাতায়াতের সময় হাতির হামলার আশঙ্কা থাকলেও নিরাপত্তা ও নজরদারি বাড়ানোর ক্ষেত্রে প্রয়োজনীয় উদ্যোগের অভাব রয়েছে। বিশেষ করে উৎসবের মরশুমে শ্রমিক ও তাঁদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে আরও সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলে দাবি উঠেছে।
ডুয়ার্সের চা বাগান সংলগ্ন এলাকায় স্থানীয় বাসিন্দাদের সাথে বন্যপ্রাণীর সংঘাত নতুন নয়। হাতির চলাচলের পথে বসতি ও যাতায়াতের রাস্তা থাকায় প্রায়ই বিপদের মুখে পড়তে হয়। মহাষ্টমীর সকালে সুনীল মাহালির মৃত্যু ফের সেই সমস্যাকে সামনে এনে দিল। উৎসবের দিনে পরিবারের এক সদস্যকে হারিয়ে শোকস্তব্ধ তাঁর পরিজন ও প্রতিবেশীরা।
Elephant Attack
হাতির হানায় মৃত্যু চা শ্রমিকের, শোকে স্তব্ধ লক্ষ্মীপাড়া
×
Comments :0