মীর আফরোজ জামান: ঢাকা
আগরতলা থেকে কলকাতা যাওয়ার পথে মাঝ আকাশে দরজা খুলে যাওয়ায় একটি এয়ার অ্যাম্বুলেন্স ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে। এয়ার অ্যাম্বুলেন্স থাকা অসুস্থ মহিলাকে দ্রুত রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। রবিবার দুপুরে এই ঘটনাটি ঘটেছে। বিমানবন্দরের সিনিয়র অফিসার মহম্মদ রিয়াজ উদ্দিন জানান, এয়ার অ্যাম্বুলেন্সটির যাত্রীতালিকা অনুযায়ী, ওই রোগীর নাম অঞ্জনা ভৌমিক। তিনি ভারতীয় নাগরিক। তাঁর সঙ্গে ছিলেন চিকিৎসক ডা. ফিরোজ খান, প্যারামেডিক আজিম খান এবং দুই সঙ্গী সান্তা ভৌমিক ও দীপ জ্যোতি মিশ্র। তাঁরা সবাই ভারতীয় উল্লেখ রয়েছে।
যাত্রীতালিকার তথ্য অনুযায়ী, এয়ার অ্যাম্বুলেন্সটি এসকেবি ইনফ্রাকন প্রাইভেট লিমিটেড সংস্থার। আগরতলা থেকে কলকাতায় যাচ্ছিল এয়ার অ্যাম্বুলেন্সটি। পাইলট ইন কমান্ড ছিলেন ক্যাপ্টেন পুণ্য অনুপ এবং সহকারী পাইলট ছিলেন ক্যাপ্টেন তনুজ শর্মা। দুই পাইলটসহ এয়ার অ্যাম্বুলেন্সটি মোট সাতজন ছিলেন।
জানা গেছে, মাঝ আকাশে দরজা খুলে যাওয়ার পর এয়ার অ্যাম্বুলেন্সটি শাহজালাল বিমানবন্দরে জরুরি অবতরণ করে। এরপর রোগীকে দ্রুত নামিয়ে হাসপাতালে পাঠানো হয়।
তবে কী কারণে এয়ার অ্যাম্বুলেন্সটির দরজা খুলে গিয়েছিল এবং ওই মহিলার মৃত্যুর কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
Comments :0